মূর্তিমান আতঙ্ক খোলা ম্যানহোল
Advertisement
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর প্রধান সড়ক ও অলিগলিতে সাধারণ মানুষের নিত্যদিনের চলাচলে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে খোলা ম্যানহোলগুলো। দীর্ঘদিনের এ সমস্যা নগরবাসীর নানা ভোগান্তির কারণ হলেও এর সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। লোহার তৈরি ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়া, নিুমানের কংক্রিটের ঢাকনা ভারী যানবাহনের চাপে ভেঙে যাওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়মতো ঢাকনাগুলো প্রতিস্থাপন বা মেরামত না করার ফলে দীর্ঘদিন এগুলো খোলা অবস্থায়ই পড়ে থাকে। এগুলো যেন একেকটি মরণফাঁদ। প্রতিদিন অফিস, স্কুল ও কর্মস্থলে যাতায়াতে সামান্য অসাবধানতা অনেকের জীবননাশের কারণ হতে পারে। বর্ষাকালে অবস্থার আরও অবনতি ঘটে। ভারী বর্ষণের ফলে রাস্তায় সৃষ্ট জলাবদ্ধতা ঢাকনাবিহীন ম্যানহোলগুলোকে অদৃশ্য করে ফেলে। ফলে সাধারণ মানুষ বুঝতেও পারে না, তার পরবর্তী পদক্ষেপটি মাটিতে না পড়ে ঢাকনাবিহীন সুয়ারেজে পড়তে পারে, যার স্রোত তার ভয়ংকর পরিণতির কারণ হতে পারে। রিকশা বা মোটরসাইকেলের মতো যানবাহন উলটে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেন। তাছাড়া জলাবদ্ধতায় ড্রেনেজ লিকেজের ফলে আশপাশে নানা রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ম্যানহোলগুলো দ্রুত ও টেকসইভাবে সংস্কার করা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
রাবেয়া আক্তার, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
