পূর্ণাঙ্গ মেডিকেলের স্বপ্ন আর কতদূর
Advertisement
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সবুজের ছায়াঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সুন্দর ক্যাম্পাস। এখানে শিক্ষার্থীদের ভরসার জায়গা মেডিকেল সেন্টার আজ চিকিৎসক, জনবল ও বিশেষজ্ঞের অভাবে নিজেই অসুস্থ হয়ে আছে। শিক্ষার্থীরা তাই একে বলছেন ‘নাপা সেন্টার’। এখানে রোগ যা-ই হোক, মেলে প্রায় একই ওষুধ। রাকসুর ইশতেহারে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টারের প্রতিশ্রুতি ছিল, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গুরুতর অসুস্থ হলে ভরসা রামেক হাসপাতাল, যেখানে শয্যার দ্বিগুণেরও বেশি রোগীর চাপ আর আইসিইউ সংকট। ফলে ক্যাম্পাসের সংকট যে কোনো সময় প্রাণঘাতী ঝুঁকিতে রূপ নিতে পারে। ইউজিসির সহযোগিতায় দুটি আধুনিক অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে, ৩০ সেপ্টেম্বর ছাত্রশিবির আরেকটি হস্তান্তর করেছে। কিন্তু এর কৃতিত্ব নিয়ে শিবির ও রাকসুর জিএসের টানাটানি চলছে। অ্যাম্বুলেন্স দিয়ে রোগী পৌঁছানো যায়, চিকিৎসা দেওয়া যায় না। চার-পাঁচটি আইসিইউ শয্যার পরিকল্পনাও এখনো ইউজিসির সহায়তার অপেক্ষায়। দ্রুত চিকিৎসক নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসা সেবা চালু এবং আইসিইউ শয্যার জন্য ইউজিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ-এ কাজগুলো একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে এগিয়ে নেওয়া জরুরি। একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার গড়ে উঠলে রাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুর্শেদুর রহমান রুপক, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
