|
ফলো করুন |
|
|---|---|
ঘরের বাইরে বের হলেই রাস্তা, ফুটপাত, পার্ক, শপিংমলের সামনে আমরা দেখতে পাই অসহায়, এতিম, গরিব, দুস্থ শিশুদের করুণ জীবন। যে বয়সে শিশুর হাতে থাকার কথা বই, সে বয়সে তাদের হাতে ভিক্ষার থালা। এসব শিশু নানা রোগেও ভুগছে। কখনো প্রখর সূর্যের তাপ, কখনো প্রচণ্ড ঝড়বৃষ্টি, আবার কখনো কনকনে শীতের সঙ্গে লড়াই করে এই শিশুরা বেঁচে আছে। মানবেতর জীবনযাপনে বাধ্য হওয়া এসব শিশু নানাবিধ অন্যায়ের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এছাড়া মানুষের খারাপ ব্যবহার কখনো কখনো নিষ্পাপ শিশুর মনকে ভীষণভাবে প্রভাবিত করে। একটি দেশের পরবর্তী প্রজন্মের হাতে যখন ভিক্ষার থালা থাকে, তখন সেটা দেশ ও জাতির জন্য খুবই লজ্জার। সমাজ ও দেশের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হবে। পথশিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পথশিশুদের পুনর্বাসনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার আওতায় আনতে হবে। সর্বোপরি একটি শিশুকে সুরক্ষা, পুনর্বাসন ও উন্নয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ আশা করছি।
সোরাবান তোহরা মিথিলা
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
