মামুন সারওয়ারের ছড়াসমগ্র
Advertisement
শাহীন ইমতিয়াজ
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছোটদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। ছোটদের নিয়েই যার পথচলা। স্বপ্ন দেখেন ছোটদের নিয়েই। ছোটদের খুব খুব খুবই আদর স্নেহ ও ভালোবাসেন। তিনিই বর্তমান সময়ের জনপ্রিয় ছড়াকার ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ার। তার ছড়াসমগ্র এক একটি চমৎকার ও ব্যতিক্রমধর্মী ছড়াসমগ্র।
সমগ্রটির ফ্লাপ লিখেছেন চ্যানেল আই-এর মহাব্যবস্থাপক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান ছড়াকার ও শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। সমগ্রটিতে স্থান পেয়েছে মোট দশটি ছড়ার বই। বইগুলো হলো-
মায়ের হাতের পাখা, মায়ের কথা ঝুমকো লতা, কৈ গেলরে কই, লাল ফড়িংয়ের ছড়া, রঙিন মেঘের পালকি, দোল দিয়ে যায় বাতাস এসে, ঝিকিরমিকির টিনের গাড়ি, ইঁদুর বিড়ালের ছড়া, আঁকতে আঁকতে হলদে পাখি ও ছুটল হাতি ছুটল বাঘ।
সমগ্রটির প্রত্যেকটি ছড়াই ভিন্ন স্বাদের। যে কোনো বয়সি পাঠক এক নিমিষেই পাঠ করতে পারবে ছড়াগুলো। বলতে গেলে এককথায় ডোরাকাটা বাঘের মতো। রাজা-বাদশাহর মতো হেলেদুলে যাচ্ছে ছড়া, ভেঙে যাচ্ছে না। ছন্দ, মাত্রা, তাল, লয়, অন্ত্যমিল খুবই শক্তিশালী।
সমগ্রটির মায়ের হাতের পাখা ছড়ার বইয়ের হেমন্তিকা ছড়ার শেষের দু’লাইন, সন্ধ্যা যেন উছলে ওঠে বকুলফুলের গন্ধে/শরৎ শেষে হেমন্তিকা আসে সুখের ছন্দে। কী অসাধারণ ছড়া। আসলে কিন্তু তাই সন্ধ্যা তো বকুল ফুলের গন্ধেই জমকালো হয়ে যায়। আর শরৎ শেষে হেমন্ত নিয়ে আসে সুখ, শান্তি ও ভালোবাসার আমেজ। ছড়াকার খুব সুন্দরভাবে ছড়ায় ছড়ায় বলেছেন। এ ছড়াটি বর্তমানে হেমন্তের গান হিসাবে ধরা দিয়েছে শ্রোতা মহলে। শিল্পী তার সুর ও কণ্ঠে হেমন্তিকা ছড়াটিকে গানে রূপান্তর করেছেন।
ছড়া সমগ্রটির রঙিন মেঘের পালকি বইয়ের ছড়ার মিতা ছড়াটির শেষের চার লাইন, খুকুর কথা শুনেই আমি/ধরি খুকুর চুলের ফিতা/বলি তখন, তুই যে আমার /চিরকালের ছড়ার মিতা। কী চমৎকার ছড়া। প্রথমেই বলেছি ছড়াকার ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ার ছোটদের সঙ্গে কাজ করতে ভালোবাসেন। ছোটদের নিয়েই তার পথচলা। ছোটদের মাঝেই খুঁজে পান নিজেকে। তাই তো ছড়ায় ছড়ায় বলেছেন। ছোটদের সঙ্গে খুনসুটিসহ নানা কিছুর মাধ্যমে ছড়াকার ছড়ায় রূপের কারিশমা তুলে ধরেন। তার ছড়ার বন্ধু বা মিতা মনে করেন ছোটদেরকে ছড়াকার।
সমগ্রটির ঝিকিরমিকির টিনের গাড়ি বইয়ের মায়ের কথা ছড়ার শেষের চার লাইন, বাতাস এসে ধরল শেষে/মাথায় দিয়ে চাটি/মায়ের কথায় চললে তবে/ জীবন পরিপাটি। আসলে কিন্তু তাই। লেখক খুব সুন্দর করে ছড়ায় ছড়ায় বুঝিয়েছেন। মায়ের উপদেশ মানলে এই বিপদ-ধাক্কা কম হতো। মা অভিজ্ঞ, তাই তার কথা মানলে জীবন গোছানো ও সুন্দর হয়। মায়ের কথা মেনে চলাই হলো জীবনের সফলতা। সমগ্রটির আঁকতে আঁকতে হলদে পাখি বইয়ের আয় আয় ছড়ার প্রথমের চার লাইন, এই মেঘ নীল নীল/আয় কাছে আয়/ওই রোদ ঝিলমিল /পাতায় পাতায়। জম্পেশ ছড়া। কোনো তুলনা হয় না। লেখক বুঝিয়েছেন ছড়ায় ছড়ায়, প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে মানুষকে কাছে টানে। মেঘ, রোদ, পাতা সব মিলিয়ে এক শান্ত ও আনন্দময় মুহূর্ত। সুখ ও ভালোবাসা আর জীবনের ছোট ছোট সুন্দর সময় উপভোগ করা।
ছড়া সমগ্রটি পড়ে যে কোনো বয়সের পাঠকের দেশপ্রেম, প্রকৃতির ভালোবাসা, মা, মাটি সব বিষয়েই আলাদা একটা প্রেম, আবেগ ও ভালোবাসা জাগ্রত হবে। সমগ্রটির প্রত্যাকটি ছড়াই ভিন্ন স্বাদের। সমগ্রটির ছড়াগুলোর ছন্দ, মাত্রা, তাল, লয় সবকিছুই দেখার মতো। সমগ্রটি প্রকাশ করেছে ছোটদের সময় প্রকাশনী। সমগ্রটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মলাট মূল্য ছয়শত টাকা।
