Logo
Logo
×

Advertisement

সাহিত্য সাময়িকী

৮১ বছর বয়সে বুকার জয়

Icon

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘রাজার মুকুট রাজার সাজ/অন্য কেউ তা পরবে আজ’... এমনটাই হয় নিয়মের পৃথিবীতে। সেখানে সেরার আসনজুড়ে একজনই থেকে যেতে পারেন না কখনো। একদিন যে পুরোনোকে পেছনে ফেলেছিলেন, আগামীকে কুর্নিশ করে তাকেও সরে যেতে হয় সময়ে। পুরোনো থেকে নতুনের হাতে ব্যাটন বদল হয় ক্রমাগত। আরও একবার, সেই পরম্পরার সাক্ষী হয়ে থাকল লন্ডনের ওল্ড বিলিংগেট; যেখানে এবারের বুকার জয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে ব্রিটিশ কথাসাহিত্যিক এম জন হ্যারিসনের নাম।

সাহিত্যের সুউচ্চ রাজপ্রাসাদে ‘কল্পবিজ্ঞান’ ঘরানাটি এতদিন যেন দাঁড়িয়ে ছিল এক ব্রাত্য প্রজার মতো, উপেক্ষিত দরজার বাইরে। সব অচলায়তন আর প্রচলিত নিয়মকে ধূলিসাৎ করে দিয়ে, জীবনের পড়ন্ত বিকালে দাঁড়িয়ে এক নিভৃতচারী শব্দশ্রমিক বিশ্ববাসীকে মনে করিয়ে দিলেন-মহৎ সৃষ্টির কোনো জাতপাত থাকে না, থাকে না বয়সের কোনো কৃত্রিম সীমারেখা। হ্যারিসন জীবনের ৮১টি বসন্ত পার করে জয় করে নিলেন সাহিত্যের অন্যতম সম্মাননা ‘বুকার প্রাইজ’। ২০২৬ সালের এ ঐতিহাসিক অর্জন তাকে এনে দিয়েছে বুকারজয়ী সবচেয়ে প্রবীণ লেখকের গৌরব। কিন্তু এ অর্জন কেবল কোনো সংখ্যার বা বার্ধক্যের স্মারক নয়; এটি এক আজীবন ব্রাত্য ধারার-কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের-মূলধারার সাহিত্যের সিংহাসনে রাজকীয় অভিষেকের গল্প।

লন্ডনের আলো ঝলমলে মঞ্চে যখন তার নাম ঘোষিত হলো, তখন দর্শক সারির তুমুল করতালির মাঝে দাঁড়িয়ে এক পরম বিস্ময়ে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন হ্যারিসন। যেন এক আজন্ম কুণ্ঠিত পথিক হঠাৎ খুঁজে পেয়েছেন তার গন্তব্য। স্বভাবসুলভ নম্রতায় ভিজে ওঠা কণ্ঠে তিনি বললেন, ‘‘আমি সত্যি ভাবিনি যে এই পুরস্কার আমার হাতে উঠবে। জীবনের এই শেষপ্রান্তে এসে অবশেষে নিজেকে একজন ‘প্রকৃত লেখক’ বলে মনে হচ্ছে-যদিও নিজের প্রতি আস্থার অভাবটা আমার চিরকালের।” অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে নিভৃতে শব্দের আলপনা আঁকা একজন স্রষ্টার মুখে এমন আত্মবিনম্র স্বীকারোক্তি যেন সমবেত প্রতিটি মানুষের হৃদয়কে এক অনাবিল শ্রদ্ধায় আর্দ্র করে তুলেছিল।

হ্যারিসনের এ বিজয়ী উপন্যাসটির নাম ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’ (সবকিছুর অবসান)। নামটি যতটা প্রলয়ংকর, এর ভেতরের গল্পটি ঠিক ততটাই মানবাত্মার গভীর সংকটের প্রতিচ্ছবি। এটি এমন এক উত্তর-মহাপ্রলয়ের ইংল্যান্ডের আখ্যান, যেখানে নামহীন কোনো এক মহাবিপর্যয়ে গোটা ব্রিটিশ সমাজ ধসে পড়েছে ধূলিসাৎ হয়ে। সেখানে উপকূলজুড়ে ভিড় জমিয়েছে রহস্যময়, ভিনগ্রহী সত্তারা। উপন্যাসের মূল চরিত্রটি এমন এক নির্জন সৈকতচারীর, যে বন্দুকধারী এক খামখেয়ালি খালার সঙ্গে বাস করে এবং সমুদ্রের তীরে খুঁজে পায় রূপ পরিবর্তনকারী এক অদ্ভুত বস্তু।

পুঁথিগত কোনো আশার বাণী বা সহজ সান্ত্বনা বিলি করতে চাননি হ্যারিসন। তিনি যখন বলেন, ‘আমাদের পৃথিবীটা বড় নির্মম, আর তা নির্মমই থাকবে। বড় অদ্ভুত এই জীবন। তবে সবকিছুর শেষে হয়তো কোথাও একটু আশার দেখা মেলে-না, আশা বা সমাধান হয়তো নয়, কিন্তু হয়তো এক চিলতে স্বস্তি’-তখন পাঠকের বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার জেগে ওঠে। বিচারকমণ্ডলীর প্রধান, প্রখ্যাত ইতিহাসবিদ মেরি বিয়ার্ডের ভাষায়, বইটি যেন এক উলটপালট করে দেওয়া জগৎ, যা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তোলার পাশাপাশি বুকে রেখে যায় এক সূক্ষ্ম আশাবাদের পরশ। সমকালের রাজনৈতিক অস্থিরতা আর অনিশ্চয়তাকে তিনি ভবিষ্যতের ধ্বংসের আয়নায় প্রতিফলিত করেছেন। যখন কোনো বিপর্যয় আসে, মানুষ ঠিক বুঝে উঠতে পারে না কী ঘটে গেল; হ্যারিসনের উপন্যাসেও পাঠক চরিত্রের হাত ধরে সেই বিভ্রান্তি ও অনুভূতির অংশীদার হয়ে ওঠে-যা সাহিত্যের এক অনন্য রোমাঞ্চ।

দীর্ঘ চার থেকে পাঁচ ঘণ্টার উত্তপ্ত, গভীর ও তর্কমুখর বিচার-আলোচনা শেষে ডগলাস স্টুয়ার্ট, মারলন জেমস কিংবা পুলিৎজারজয়ী এলিজাবেথ স্ট্রাউটের মতো বাঘা বাঘা সাহিত্যিকদের পেছনে ফেলে সর্বসম্মতভাবে নির্বাচিত হন হ্যারিসন। এ বিজয় শুধু এক ব্যক্তির নয়, এটি সাহিত্যের বহুদিনের পুরোনো জাতপাতের দেওয়াল গুঁড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত। চার-পাঁচ দশক ধরে হ্যারিসন কলম চালিয়েছেন সেই অচলায়তন ভাঙার জন্য-যেখানে ‘কল্পবিজ্ঞান’কে তথাকথিত ‘উচ্চাঙ্গ সাহিত্য’ থেকে আলাদা করে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। হ্যারিসন আজীবন প্রশ্ন তুলেছেন, একটি সুনিপুণভাবে লিখিত বিজ্ঞাননির্ভর উপন্যাস কেন মহৎ সাহিত্য হবে না? বুকার ফাউন্ডেশনের নির্বাহী গ্যাবি উডও যেন তার সেই আজীবন লড়াইকেই স্বীকৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাহিত্যের সংজ্ঞায় কৃত্রিম বিভাজন অর্থহীন; কারণ প্রতিটি সত্যিকারের সৃষ্টিশীল রচনাই তো সাহিত্যের অংশ।

মার্গারেট অ্যাটউডের রেকর্ড ভেঙে ৮১ বছর বয়সে এসে নিজের ত্রয়োদশ উপন্যাসের হাত ধরে এ শিরোপা ছিনিয়ে নিলেও মেরি বিয়ার্ড দ্ব্যর্থহীন ভাষায় মনে করিয়ে দিয়েছেন, এটি কোনো ‘আজীবন সম্মাননা’ বা করুণার পুরস্কার নয়; বরং এটি এমন এক সৃষ্টির স্বীকৃতি-যা নিজের যোগ্যতা বলেই বিশ্বমঞ্চ জয় করেছে।

হ্যারিসনের এ অনন্য জয় আমাদের মনে করিয়ে দেয়, সৃষ্টির কোনো বয়সসীমা নেই, আর সত্যের সন্ধানে সততার সঙ্গে কলম চালিয়ে গেলে একদিন তা মানবহৃদয়ের অন্তস্তলে পৌঁছাবেই। যে সময়ে দাঁড়িয়ে আমরা বাস করছি, যুদ্ধ আর মহামারির ভীতি যখন মানুষের স্বাভাবিক নিঃশ্বাসকেও রুদ্ধ করে দেয়-সেখানে দাঁড়িয়ে হ্যারিসনের এ মহাকাব্যিক জয় যেন এক পরম প্রেরণা। ধ্বংসের ধ্বংসাবশেষে দাঁড়িয়েও যে মানুষ শব্দের মালাগেঁথে বাঁচার স্বস্তি খুঁজতে পারে, হ্যারিসন যেন তার জীবনের সায়াহ্নে এসে তারই এক কালজয়ী স্বাক্ষর রেখে গেলেন।

ভাবানুবাদ : মেজবাই উদ্দিন

সূত্র : বিবিসি

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাদুবাস্তববাদ ও আরব্য রজনি

জাদুবাস্তববাদ ও আরব্য রজনি

মীর মশাররফ হোসেনের উপন্যাসের শিল্পরূপ

মীর মশাররফ হোসেনের উপন্যাসের শিল্পরূপ

গল্প এক কাপ চা

এক কাপ চা

৮১ বছর বয়সে বুকার জয়

৮১ বছর বয়সে বুকার জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম