জাদুবাস্তববাদ ও আরব্য রজনি
মাহমুদ নাসির জাহাঙ্গীরি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রাচীনকালে আরবের উত্তরদিকে অবস্থিত কতগুলো দেশকে একত্রে বলা হতো শামদেশ। শাম শব্দ এসেছে শামস থেকে, সেমেটিক ভাষায় যার অর্থ সূর্য বা আকাশের আগুন। প্রাকৃতিক বৈরী শক্তি ছিল সূর্য-যার কারণে আরাধ্য হয় রাতের কাব্য বা আলিফ লায়লা। আলিফ মানে সহস্র, লায়লা মানে রজনি। মধ্যযুগে ইসলামের স্বর্ণযুগে অটোমান সাম্রাজ্যের সময়ই শেহেরাজাদের লোকগাথা আবিষ্কৃত হতে শুরু করে। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্স ও ব্রিটেনের উত্থানের সময় সহস্র রজনি অনূদিত হয় ফরাসি ও ইংরেজি ভাষায়। ১৭০৪-১৭১৭ কালে প্রকাশিত হয় ফরাসি গবেষক আতোয়ান গ্যালেন্ডের (১৬৪৬-১৭১৫) সহস্র রজনির কাহিনিগুলো। ঊনবিংশ শতাব্দীতে এগুলো অনূদিত হয় স্প্যানিশ, জার্মান ও জাপানি ভাষায়। পঞ্চদশ শতাব্দী থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত সময়ে শাম দেশগুলো ছিল অটোমান সাম্রাজ্যের অধীন, প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর হাতবদল হয়ে ফরাসি এবং ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত হয়। ফ্রান্স আশ্রিত রাজ্যে পরিণত করে সিরিয়া ও লেবাননকে; ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত করে ইরাক, ফিলিস্তিন ও মিসরকে। ফরাসি কূটনীতিক ফ্রাসোয়া পিকো অঙ্কন করেন সিরিয়া ও লেবাননের মানচিত্র, ব্রিটিশ কূটনীতিক মার্ক সাইকস অঙ্কন করেন ফিলিস্তিনের মানচিত্র। অটোমান সাম্রাজ্যের পতনের পর শামের অধিবাসীরা ইউরোপের বিভিন্ন দেশ ও লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়ে। সিরিয়া ও লেবাননের অধিবাসীরা ব্রাজিল, কলম্বিয়া, ভেনিজুয়েলা, মেক্সিকো এবং ফিলিস্তিনের নাগরিকরা চিলি ও মধ্য আমেরিকায় বসতি স্থাপন করে। সঙ্গে করে নিয়ে যায় আরব্য রজনি। অটোমানদের বন্ধুপ্রতিম দেশ জার্মানি আরবদের খাদ্যতালিকা থেকে গ্রহণ করে কাবাব ও রুটি, আরব্য রজনি থেকে গ্রহণ করে এমন কিছু যা আপাত বাস্তবের অন্তরালে জীবনরহস্য ধরার প্রয়াসী ছিল। ১৯২৫ সালে জার্মান চিত্রসমালোচক ফ্রাঞ্জ রো মিউনিখে জার্মানির শিল্পীদের একটি চিত্রপ্রদর্শনী দেখে নতুন চিত্রকলার নামকরণ করেন ম্যাজিক রিয়ালিজম। Magischer Realismus আখ্যাটি তৈরি হয় ভাইমার রিপাবলিকের চিত্রকলার সূত্রে। শিল্পকর্মগুলো ছিল মেজাজে এক্সপ্রেসনিস্ট ধারার বিপরীত, পোস্ট এক্সপ্রেসনিস্ট ফর্মের। জার্মানিতে রূপকথার মতো পঠিত হতো আরব্য রজনি, গ্যেটে আরব্য রজনির প্রতি যে কারণে অনুরক্ত হয়েছিলেন একই কারণে পরবর্তীকালের চিত্রকলায় প্রতিফলিত হয় Magischer Realismus বা Magical Realism। ডয়েস শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পর জন্ম হয় নতুন এ ধারার।
১৯২৪ সালে আঁদ্রে ব্রেতোঁ সুররিয়ালিজমের ইশতেহার ঘোষণা করার পর চলচ্চিত্রে শুরু হয় রেনে ক্লেয়ার, লুই বুনুয়েল ও জ্যাঁ রেনোয়াঁর আভাঁ গার্দ আন্দোলন-এ আন্দোলনকে বলা যায় ধ্বংসাত্মক ডাডাবাদী আন্দোলনের বিপরীতে ইতিবাচক একটি উদ্যোগ। একইরকমভাবে নেতিবাচক এক্সপ্রেসনিস্ট ধারার বিপরীতে জার্মানিতে আবির্ভূত হয় ইতিবাচক জাদুবাস্তববাদী আন্দোলন। এ আন্দোলনকে বলা যায় তাদের ধ্বংসাত্মক চলচ্চিত্র আন্দোলনের বিপরীত ধারা, যা শুরু হয়েছিল ড্রাকুলা উপন্যাস অবলম্বনে ‘নস ফেরাটু’ চলচ্চিত্র নির্মাণের পর। পরাবাস্তববাদ ও জাদুবাস্তববাদ-একই সময়ে আবির্ভূত এ দুটি মতবাদকে বলা যায় চির প্রতিদ্বন্দ্বী ফরাসি ও জার্মান জাতির দুটি ভিন্ন পথে একই শান্তিবাদী নন্দনতত্ত্ব বাস্তবায়নের দিকে যাত্রা। লাতিন আমেরিকার স্বাধীনতা আন্দোলনে ফরাসি বিপ্লব ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণাদায়ক শক্তি, যে কারণে হিস্পানিভাষী অঞ্চলে ফরাসিরা হয়ে ওঠে মুক্তিদাতা রাজনীতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে। লাতিন আমেরিকার লেখকরা অনুপ্রাণিত হন পরাবাস্তববাদ দিয়ে। গুয়েতেমালার কবি মিগুয়েল আনহেল আস্তুরিয়াস প্যারিসে যান ১৯২৩ সালে, নৃতত্ত্ব ছিল তার অধ্যয়নের বিষয়। প্যারিসে অবস্থানকালে সুররিয়ালিজম ও মর্ডানিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত হন। আস্তুরিয়াসের EL Senior Presidente উপন্যাসে লাতিন লোককথা, পুরাণ, নেগ্রেচুড তত্ত্ব উপস্থাপিত হয়েছে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে। মিগুয়েল আস্তুরিয়াস তার উপন্যাসে স্বৈরশাসক ম্যানুয়েল এসট্রাডা কাবরেরার অধীনে জীবনযাপনের যন্ত্রণা ও বিভীষিকাময় রূপ তুলে ধরেন এবং সমাজে এর প্রভাব অনুসন্ধান করেন। ১৯২৪ সালে চিলির কবি পাবলো নেরুদা প্রকাশ করেন তার প্রথম কাব্য ‘১০০ সনেট’। মার্কেজের প্রথম উপন্যাস ‘পাতার ঝড়’ লিখিত হয় ফরাসি এক চিকিৎসকের জীবনকাহিনি নিয়ে। বোর্হেসের বিশ ও তিরিশের দশকের কবিতা ছিল পরাবাস্তবিক ঘরানার, ১৯২৩ সালে প্রকাশিত তার প্রথম কাব্য মেজাজে ছিল অধিবিদ্যক দার্শনিক ভাবাপন্ন। ভিক্টোরিয়া ওকাম্পো সম্পাদিত Sur পত্রিকায় প্রকাশিত লেখাও ছিল পরাবাস্তবের ছায়া দিয়ে আচ্ছন্ন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লাতিন আমেরিকা সামরিক স্বৈরাচারের সম্মুখীন হয়ে ত্যাগ করে পুঁজিবাদী ইউরোপীয় প্রভাব এবং আবির্ভূত হয় স্বাদেশিক ঐতিহ্যিক ও সংগ্রামশীল ভূমিকায়।
বিস্ময়কর পরিবর্তন নিয়ে আসেন আর্জেন্টিনার হোর্হে লুই বোর্হেস, গুয়েতেমালার কবি মিগুয়েল আনহেল আস্তুরিয়াস এবং কিউবার আলেহো কার্পেনিয়ার। এ তিনজন ছিলেন প্যারিসের পরাবাস্তব আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত প্রথম যৌবনে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ম্যাজিক রিয়ালিজমের ধারাকে লাতিন আমেরিকায় ভাস্বর করে তোলেন। আস্তুরিয়াস প্রথম সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম প্রয়োগ করেন, তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম ‘ম্যান অব কর্ন’ বা ‘হম্ব্রেজ দে মেইজ’-এ লাতিন সভ্যতা ও প্রাত্যহিক রীতিনীতিকে পর্যবেক্ষণ করেন নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে। প্রধান প্রবক্তা হলেন আলেহো কার্পেন্তিয়ার, মায়াবাস্তবতার তাত্ত্বিক ভিত্তি স্থাপন করেন তিনি। El reino de este Mundo: The Kingdom of this World উপন্যাসের ভূমিকায় কার্পেন্তিয়ের লেখেন, ইউরোপ বিস্ময়কর সৌন্দর্য উপস্থাপন করতে গিয়ে যা করেছে সবই কৃত্রিম। সালভাদর ডালির গলিত ঘড়ি বা মার্ক শাগালের উড়ন্ত গরু সবই স্বকপোলকল্পিত। নাইটদের নিয়ে চাঞ্চল্যকর কাহিনি (যেমন রবিনসন ক্রুশো) লেখা হয়েছে ইউরোপে কিন্তু সে কাহিনির জন্মভূমি লাতিন আমেরিকা। পরাবাস্তবতা পর্যন্ত অদ্ভুতের চর্চা ইউরোপের নিজস্ব জিনিস, ম্যাজিক রিয়ালিজমে তাদের স্থান নেই। ম্যাজিক রিয়ালিজম লাতিন আমেরিকার প্রকৃতি এবং জীবনের অংশ। কার্লোস ফুয়েন্তেস তুলে ধরেন বোর্হেসের চার তত্ত্ব : ১. স্বপ্ন দিয়ে বাস্তবতার আবেষ্টন, ২. চক্রাকারে ঘূর্ণ্যমান মেটাফিকশন, গল্পের ভেতর গল্পের বয়ান- মার্সেল প্রুস্ত থেকে জেমস জয়েস পর্যন্ত যার বিস্তৃতি। প্রুস্তের সময়তাত্ত্বিক পর্যবেক্ষণ পুনঃপ্রতিষ্ঠিত হয় জেমস জয়েসের ‘ইউলিসিস’ উপন্যাসে ১৯২২ সালে, যার অধিকাংশই রচিত হয় প্যারিসে অবস্থানকালে। ৩. সময়সমুদ্রে যাত্রা এবং ৪. দ্বৈতসত্তা-যে বিপরীতধর্মী দ্বৈতসত্তাকে মিলিয়েছেন বোর্হেস জাদুবলে। চারটি থিমই আরব্য রজনির প্রকরণকৌশলের প্রভাবজাত। সাক্ষাৎকারে আরব্য রজনি সম্পর্কে বোর্হেস বলেন, সবচেয়ে প্রাচীন সাহিত্য বাস্তববাদী ছিল না, ছিল ধর্মীয় ও জাদুকরী। তিনি আমৃত্যু বিশ্বাস করতেন, আরব্য রজনি পৃথিবীর তাবৎ গল্পের শ্রেষ্ঠ আকর গ্রন্থ। যারা সহস্র ও এক আরব্য রজনির স্বপ্ন দেখেছিলেন তারা আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। যার জন্য গার্সিয়া মার্কেসকে বলাই হয় ‘শেহেরাজাদের এক পুত্রের নাম গাবো’। শেহেরাজাদ হলো আরব্য রজনির সেই নায়িকা, যে তার অবশ্যম্ভাবী মৃত্যু বিলম্বিত করার জন্য সারা রাত্রি জেগে গল্প শোনায় শাহরিয়ারকে। যার আখ্যানজুড়ে থাকে মৃত্যু ও নিষ্ঠুরতার মতো ভয়ংকর সব অভিজ্ঞতা এবং তার ওপর থাকে বুদ্ধিমত্তা ও নৈতিক শিক্ষার বিজয়ের বার্তা। রহস্য অভিযানগুলো সম্পাদিত হয় জিন, জাদুকরদের সহযোগে। ঘটনাগুলো প্রায়শই মোড়ানো থাকে রূপকথা, প্রেমকাহিনি, নীতিকথা দিয়ে। ঘটনাগুলোর এক প্রান্তে থাকে বাস্তব, অন্য প্রান্তে অবাস্তব; একদিকে প্রাকৃত, অন্যদিকে অপ্রাকৃত। একদিকে মার্কেজের নানা কর্নেল আউরিয়ানো বুয়েন্দিয়া যুদ্ধের ভয়াবহ ঘটনার কথা শোনান; অন্যদিকে তার নানি ত্রানকুলিনা বিশ্বাস করেন রূপকথা ও অতিপ্রাকৃতে। সারামাগোর নায়কদের একজন তার হাত হারান যুদ্ধক্ষেত্রে গিয়ে, অন্যজনের অলৌকিক ক্ষমতা ছিল ত্বকের গভীরে কী আছে তা পর্যবেক্ষণের। যারা পালাতে চায় উড়ন্ত যানে চড়ে স্বর্গলোকের দিকে, যে রকমভাবে ছোটেন দান্তের নায়ক-নায়িকা ডিভাইন কমেডিয়ায়। জেস্যুট পাদ্রি আবিষ্কার করেন এমন একটা যন্ত্র, যেটি জ্বালানি ছাড়াই শুধু ইচ্ছাশক্তিতে ভর করে আকাশে উড়াল দিতে সক্ষম। মার্কেজের ‘অ্যা ভেরি ওল্ড ম্যান উইথ ইনোরমাস উইংস’ উপন্যাসে যাজক এসে কাদার মধ্যে গড়াগড়ি খাওয়া ডানাঅলা বন্দি মানুষটির গায়ের গন্ধ ও জীবাণু আক্রান্ত ডানা পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন লোকটি ফেরেশতা নাকি অপশক্তি। এ লোকটি যে পার্থিব ও অপার্থিব রহস্যময় জগতের এক যুগলসত্তা-এটিই হলো জাদুবাস্তবতার এক বৈশিষ্ট্য। এখানে পার্থিব জীবন অপার্থিব জীবনের কোলে আশ্রিত। অপার্থিব জীবন পার্থিব জীবনের সহযোগী, একে অপর থেকে বিচ্ছিন্ন নয়। অপূর্ণকে পূর্ণতা দান করে পূর্ণতাসাধক। যাকে বলা যায় খরার মধ্যে বৃষ্টি, অগতির মধ্যে গতির সঞ্চার অথবা সামরিক স্বৈরাচারের অন্ধকারের মধ্যে আলোর সঞ্চার।
ষাট ও সত্তরের দশকে Boom Ya Latin America নামে সাহিত্যে নতুন যুগের সূচনা হলে উপন্যাসে স্থান পায় লাতিন আমেরিকার একনায়কদের উত্থান-পতনের চিত্র। মেক্সিকোর কার্লোসে ফুয়েন্তেস ১৯৬২ সালে লেখেন পারফিরিও ডিয়াজের উচ্ছেদ কাহিনি ‘আর্তেমিও ক্রুজের মৃত্যু’। পেরুর মারিও ভার্গাস যোসা লেখেন ‘দ্য গ্রিন হাউস’। কলম্বিয়ায় গুস্তাভ পিরুল্লার সামরিক শাসনের প্রেক্ষাপটে মার্কেজ ১৯৫৮ সালে প্যারিসে বসে লেখেন সামাজিক বাস্তবতার দলিল ‘এল কোরোনেল নো তিয়েনে কিয়েন লে এস্ক্রিবা’। ১৯৫৯ সালে কিউবা বিপ্লবে প্রকৃত বিস্ময়মানবদের যুগ শুরু হলে লাতিন আমেরিকায় বয়ে যায় বাঁধভাঙা মুক্তির ঢেউ। বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে গার্সিয়া গ্যাব্রিয়েল মার্কেজ পাড়ি জমান হাভানায়। কলম্বিয়া গৃহযুদ্ধের পটভূমিতে দুই লাখ লোকের মৃত্যু ঘটে, প্রগতিশীল ও রক্ষণশীলদের দ্বন্দ্বের পটভূমিতে রচিত হয় ‘শত বর্ষের নির্জনতার গল্প’ ১৯৬৭ সালে। ১৯৭৫ সালে মার্কেজ ‘দ্য অটাম অব দ্য প্যাট্রিয়ার্ক’-এ ভেনিজুয়েলার জুয়ান গোমেজ, হিমেনেথ, আর্জেন্টিনার জুয়ান ডুমিঙ্গো পেরন, হাইতির ফ্রাঙ্কোস দুভালিয়েরের অত্যাচারের প্রতিচিত্র লিপিবদ্ধ করেন। পর্তুগিজ ভাষায় প্রথম নোবেল বিজয়ী সারামাগোর ইতিহাস ঐতিহ্যনির্ভর অধিকাংশ সাহিত্যকর্মেই রূপায়িত হয়েছে স্বৈরাচারের সময়পঞ্জি, ‘ব্লাইন্ডনেস’ উপন্যাসে চিত্রিত হয়েছে স্বৈরাচারী সালাজারের অন্ধকার শাসনামল। যেখানে পরাবাস্তববাদ আলোচনা করে মনোবিজ্ঞান নিয়ে, সেখানে জাদুবাস্তববাদ আলোচনা করে রাজনীতি বিশেষত সামরিক স্বৈরাচার নিয়ে। একটি ব্যক্তিকেন্দ্রিক, অপরটি সামাজিক সাংস্কৃতিক। এখানেই জাদুবাস্তবতার প্রধান বৈশিষ্ট্য। জাদুবাস্তববাদী চিত্রে শিল্পীরা কংক্রিট অবজেক্টের রহস্য তুলে ধরেন বাস্তবসম্মতভাবে। জাদুবাস্তববাদ জাদুকরী বিষয়কে সাধারণ হিসাবে গণ্য করে, অপরদিকে পরাবাস্তববাদ অবচেতন মনকে খুঁজে পেতে স্বপ্নময় চিত্রকল্প ব্যবহার করে। জাদুবাস্তববাদ অনুপ্রাণিত হয়েছে আরব্য রজনি দিয়ে আর পরাবাস্তববাদ প্রভাবিত হয়েছে সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্ন দিয়ে। জাদুবাস্তববাদ আলোচনা করে সমাজ, সংস্কৃতি ও লোককথা নিয়ে; অন্যদিকে পরাবাস্তববাদ আলোকপাত করে অবচেতন মনের গুপ্ত চিন্তাভাবনার ওপর। জাদুবাস্তবতায় ব্যক্তি বড় নয়, বড় জাতি। সারামাগো বলেন, ‘তাদের সৃষ্টি করে আমি নিজকে সৃষ্টি করেছি’ এখানে সারামাগোর কণ্ঠস্বরের মধ্যে শোনা যায় তার চরিত্রদের কণ্ঠস্বর। এ বক্তব্যের মধ্যেই নিহিত জাদুবাস্তবতার মূল বাণী। সারামাগের ‘হিস্ট্রি অব দ্য সিজ অব লিসবন’ উপন্যাসে প্রুফ রিডার অন্যদের চেয়ে আলাদা শুধু এ কারণে যে, সে বলে, সব কিছুরই দৃশ্যমান ও অদৃশ্যমান দুটো দিক আছে এবং দুটো দিক সম্পর্কে না জানলে সব জানাই অসম্পূর্ণ থেকে যায়। মারিও ভার্গাস যোসার মত হলো, মার্কেজের শতবর্ষের নির্জনতা উপন্যাস ‘একটি টোটাল নভেল’। দৃশ্যলোক ও অদৃশ্যলোকের একত্র সমাহার বা মিলিত ফলের যে সমগ্রতা তাকেই বলে জাদুবাস্তবতা। উল্লেখ্য : নিকারাগুয়ার কবি এর্নেস্তো কার্দেনাল মার্ক্সসীয় ভাবনা ও মুক্তির ধর্মতত্ত্ব দুইয়ের প্রতিই সমান গুরুত্ব দিয়েছেন।
গ্রীষ্মের খরতাপের কারণে শাম দেশগুলো ছিল বসবাসের অনুপযোগী, এলাকাটি প্রায় পাঁচশ বছর ধরে ছিল অটোমান সাম্রাজ্যের অধীন-সেখানে ফোটে আরব্য রজনিগন্ধা। একইরকমভাবে লাতিন আমেরিকা ছিল সামরিক স্বৈরাচারের অধীন, রাজনৈতিক কারণে বসবাসের অনুপযুক্ত-সেখানে ডানা মেলে দেয় জাদুবাস্তবতার পরী। সালভাদর আয়েন্দের ভাইয়ের মেয়ে ‘জাদুবাস্তবতার রানি’ ইসাবেল আয়েন্দে ক্যারিবীয় ধর্মবিশ্বাস ভুডুর কাহিনি অবলম্বনে রচনা করেন ‘হাউস অব স্পিরিটস’। ‘সিটি অব দ্য বিস্টস’দের শাসনামলে এভাবে বিকশিত হয় আত্মরক্ষার সাহিত্য-যার প্রধান বৈশিষ্ট্য হলো রহস্যময় জাদুবাস্তবের ছদ্মবেশে কঠিন বাস্তবের স্বরূপ উন্মোচন।
