Logo
Logo
×

Advertisement

সাহিত্য সাময়িকী

মীর মশাররফ হোসেনের উপন্যাসের শিল্পরূপ

Icon

ড. মুসাফির নজরুল

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলা সাহিত্যের ইতিহাসে মীর মশাররফ হোসেনের অবদান অবিস্মরণীয়। মুসলিম সমাজের প্রতিনিধিত্বহীন সময়ে বাংলা সাহিত্যে তার আবির্ভাব ও প্রতিষ্ঠা। এ সময়ে মুসলমান লেখকরা ছিলেন স্বেচ্ছানির্বাসিত। তারা পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতিকে বর্জন করেছিলেন। ফলে, তারা মধ্যযুগের একঘেয়ে সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ থেকে দোভাষী পুথি রচনা করেই ছিলেন তৃপ্ত। যার মধ্যে নবজাগরণের বিশ্বপ্রতিম মানবিক বোধবুদ্ধি ও জিজ্ঞাসা ছিল না। ফলে তারা মানুষের সর্বময় আত্মজিজ্ঞাসা ও বিকাশের দ্বন্দ্বমুখর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হননি।

অন্যদিকে হিন্দু লেখকরা এ সময় পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতিতে পুরোপুরি সিদ্ধহস্ত হয়ে আধুনিকতার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠেন। এ সময় তারা দোর্দণ্ডপ্রতাপে বাংলা সাহিত্যে বিচরণ করছিলেন। তাদের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের সীমা ছাড়িয়ে বিশ্বদরবারে সমাদৃত ও গ্রহণীয় হয়ে ওঠে। এ সর্বপ্লাবী সাহিত্যশিল্পের জয়যাত্রার জোয়ারের মুখে মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে পদার্পণ করেন ও প্রতিষ্ঠা লাভ করেন। তিনি অবনমিত মুসলিম সমাজকে আত্মপ্রত্যয়ী ও সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগী করে তোলেন।

মীর মশাররফ হোসেনের অসাধারণ কৃতিত্ব এই যে, তিনি দোভাষী পুথির মিশ্র ভাষারীতি থেকে বেরিয়ে এসে এক ধরনের বিশেষ শালীন সাধুগদ্যের চর্চা শুরু করেন। মীর মশাররফ গদ্যে কারবালার ঐতিহাসিক বিয়োগান্ত ঘটনা নিয়ে ‘বিষাদ সিন্ধু’ ট্র্যাজেডি রচনার মাধ্যমে ইতিহাসের নবজন্ম দান করলেন। তিনি উপন্যাস, নাটক, জীবনী, আত্মজীবনী, ইতিহাস, ধর্মতত্ব, কাব্য সংগীত ইত্যাদিবিষয়ক ৩৫টি গ্রন্থ রচনা করেন। কাঙাল হরিণাথ তার সাহিত্য গুরু। ছাত্রজীবনেই তার লেখা ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা’য় প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে ‘রত্নাবতী’, ‘বিষাদ সিন্ধু’ ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়ার বস্তানী’ প্রভৃতি উল্লেখযোগ্য। ‘রত্নাবতী’ মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ। ‘কৌতুকাবহ উপন্যাস’ নামে চিহ্নিত এটি লেখকের মৌলিক সৃষ্টি। এ সম্পর্কে গ্রন্থের ভূমিকায় লেখক বলেছেন, ‘ইহা কোন গ্রন্থ বিশেষের অনুবাদ নহে। আজকাল অনেক সুবিজ্ঞ গ্রন্থকার অনুবাদের পক্ষপাতি। ...আমি সে পথের পথিক না হইয়া যথাসাধ্য এ গল্পটি কল্পনা করিয়াছি।’ বক্তব্য কিংবা বিষয় গৌরবে নয়, মূলত ভাষার সৌন্দর্য ও বিশুদ্ধতার প্রশ্নেই গ্রন্থটির স্বীকৃতি ও প্রশংসা মিলেছে। আধুনিককালে মুসলিম রচিত সাহিত্যে মার্জিত, পরিশীলিত ও বিশুদ্ধ বাংলা গদ্যভাষা প্রয়োগে মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি ধ্রুপদি গ্রন্থ। ইসলামের ইতিহাসের সর্বাপেক্ষা বিষাদান্তক মর্মন্তুদ কারবালার কাহিনি অবলম্বনে গ্রন্থটি তিনটি খণ্ডে রচিত। মহরম-পর্ব, উদ্ধার-পর্ব, এজিদবধ-পর্ব। গ্রন্থের মুখবন্ধে লেখক দাবি করেছেন, ‘পারস্য ও আরব্য গ্রন্থ হইতে মূল ঘটনার সারাংশ লইয়া ‘বিষাদ সিন্ধু’ বিরচিত হইল।’

‘বিষাদ সিন্ধু’ একটি মহাকাব্যোপম বৃহদাকার উপন্যাস। এ প্রসঙ্গে ক্ষেত্র গুপ্ত বলেছেন, ‘বাংলায় মহাকাব্যিক কিছু অবশ্যই আছে। কিন্তু খাঁটি মহাকাব্যের কাছাকাছি উপন্যাস ‘বিষাদ সিন্ধু’। ‘বিষাদ সিন্ধু’ গদ্যে লেখা মহাকাব্য এবং একটি ইতিহাসাশ্রয়ী রোমান্স।’ ‘বিষাদ সিন্ধু’র ‘মহরম-পর্বে’ বর্ণিত হয়েছে দামেস্ক অধিপতি মাবিয়াপুত্র এজিদের প্রণয়াসক্তি, ব্যর্থতা এবং তার পরিণাম। হাসানপত্নী জয়নবকে সে করায়ত্ত করতে সক্ষম হয়নি। এ ব্যর্থতার সূত্রে হাসানের প্রতি সে বৈরিতা পোষণ করে এবং তার ষড়যন্ত্রে কৌশলে হাসানকে জীবন দিতে হয় এবং অবশেষে কারবালা প্রান্তরের এক অসম যুদ্ধে হাসান নৃশংসভাবে নিহত হন। ‘উদ্ধার’ পর্বের কাহিনি অংশে আছে বিপন্ন হোসেন পরিবারের অস্তিত্ব রক্ষাকারী এবং ক্রোধান্ধ দুর্জয় মহাবীর মোহাম্মদ হানিফার প্রতিশোধ গ্রহণের বিবরণ। শেষ খণ্ড ‘এজিদবধ’-পর্বে বর্ণিত হয়েছে হানিফার এজিদ হত্যার প্রচেষ্টা, এজিদের ভূগর্ভস্থ গুপ্ত কক্ষে পলায়ন ও জ্বলন্ত অগ্নিকুণ্ডে নারকীয় কষ্টভোগ, দৈব নির্দেশে বহু প্রাণ ক্ষয়কারী আবু হানিফার প্রাকৃতিক বন্দিত্ব এবং হোসেন বংশধর জয়নাল আবেদীনের রাজ্যলাভের অবশ্যম্ভাবিতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

‘বিষাদ সিন্ধু’ নিয়তি তাড়িত মানবভাগ্যের এক মর্মস্পর্শী গদ্য-মহাকাব্য। এ একটি মাত্র গ্রন্থ মীর মশাররফ হোসেনকে ঈর্ষণীয় জনপ্রিয়তার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। একদিকে ধর্মচেতনা ও স্বজাতির কাছে দায়বদ্ধতা তাকে অনিবার্যভাবে হাসান-হোসেনের পক্ষাবলম্বী করে তুলেছে। অন্যদিকে শিল্পী মশাররফের সহানুভূতি ও মমত্ববোধ যে এজিদের প্রতি ধাবিত হয়েছে, তাও বলার অপেক্ষা রাখে না। বাহ্যত হাসান-হোসেনের প্রতি মমত্ববোধ হলেও শিল্প মননের গভীরে ‘দুরাত্মা’ এজিদই আন্তরিক অনুরাগ ও মমতায় প্রতিষ্ঠিত। তথাপিও শিল্পী মশাররফের অভিপ্রায়ের বিজয় সাধিত হয়েছে এ ধর্মাশ্রয়ী কাহিনির শিল্প রূপায়ণে।

‘বিষাদ সিন্ধু’র এজিদ চরিত্র শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ চরিত্রের সমান্তরাল। রূপজমোহ বঙ্কিমের ‘চন্দ্রশেখর’-এর মতো হলেও এজিদের রূপজমোহ এজিদকে যে পরিণতিতে টেনে নিয়েছে, তা মহাকাব্যিক রূপ পেয়েছে। তার চরিত্র সৃষ্টির কারণেই মায়মুনা, সীমার ইত্যাদি চরিত্র শুধু উপন্যাসের চরিত্রের মধ্যেই বন্দি থাকেনি, এরা রীতিমতো বিশ্লেষণ হয়ে দাঁড়িয়েছে।

‘বিষাদ সিন্ধু’ উপন্যাসে বিষাদের যে উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয়েছে তার পেছনে একটি মাত্র কারণ কাজ করেছে, তা হলো জয়নবের প্রতি এজিদের যে প্রণয়, সে প্রণয়ের তীব্র-তীক্ষ্ণ যন্ত্রণায় এজিদ নামদারের মতো একজন শাসক এবং ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ যন্ত্রণায় বিপর্যস্ত, সে প্রণয়ই উপন্যাসের কেন্দ্রীয় ঘটনাকে নিয়ন্ত্রণ করেছে। এতে ধর্ম, রাজনীতি, ইতিহাস অনেক ক্ষেত্রেই গৌণ হয়ে গেছে। ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অধিক পঠিত, জনপ্রিয় ও সমাদৃত গ্রন্থ। গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক ও সমালোচকমহলে ব্যাপক সাড়া পড়ে। এটি বাংলা সাহিত্যের সর্বাধিক বিক্রীত ও পঠিত গ্রন্থের তালিকায় অন্তর্ভুক্ত। এককালে বাঙালি মুসলমানদের গৃহে ‘বিষাদ সিন্ধু’ গ্রন্থটি ধর্মীয় গ্রন্থের মর্যাদায় সংরক্ষিত ও পঠিত হতো।

‘উদাসীন পথিকের মনের কথা’ মীর মশাররফ হোসেনের আত্মকথা যা নিরেট উপন্যাস না বলে একে উপন্যাসের আদলে মশাররফের শ্রুতি স্মৃতিনির্ভর বাস্তব ঘটনার আলেখ্য হিসাবে চিহ্নিত করা যায়। মুনীর চৌধুরী এটিকে ‘মশাররফের আত্মজীবনীমূলক রচনা’ বলে অভিহিত করেছেন। প্রকৃত প্রস্তাবে মীর মশাররফ হোসেনের ‘উদাসীন পথিকের মনের কথা’ দুটি স্বতন্ত্র ধারা এ গ্রন্থের অন্যতম উদ্দেশ্য হলেও এর প্রধান আকর্ষণ মীর সাহেবের পিতা-মাতার দাম্পত্য জীবন ও তার নিজের শৈশব জীবনের কাহিনি। এ উপন্যাসের কাহিনির একদিকে রয়েছে নীলকর টি আই কেনীর সঙ্গে সুন্দরপুরের মহিলা জমিদার প্যারী সুন্দরীর দ্বন্দ্ব, রায়ত প্রজার ওপর কেনীর অত্যাচার-নিপীড়ন, নীলবিদ্রোহ ও কেনীর পরিণতি। কাহিনির দ্বিতীয় ধারাটি গড়ে উঠেছে মশাররফ হোসেনের পিতা মীর মোয়াজ্জম হোসেনের সঙ্গে তার ভ্রাতুষ্পুত্রী পতি সা গোলামের তিক্ত সম্পর্ককে কেন্দ্র করে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে মোয়াজ্জম হোসেনের দাম্পত্য জীবনের ঘটনা। আর এ দুধারার যোগসূত্র স্থাপন করেছেন মোয়াজ্জম হোসেন।

‘উদাসীন পথিকের মনের কথা’ বাস্তব ঘটনার পটভূমিকায় রচিত একটি উপন্যাসধর্মী রচনা। এ উপন্যাসের কাহিনি ও স্থান-কাল-পাত্র বাস্তবভিত্তিক। কেনী, প্যারী সুন্দরী, মীর মোয়াজ্জম, সা গোলাম এসব প্রধান পাত্র-পাত্রী আঞ্চলিক ইতিহাসের অন্তর্গত বাস্তব ভূমিতেই আবির্ভূত। বিশেষত এ গ্রন্থে বিবৃত নীলচাষ ও প্রজা আন্দোলনের কাহিনি আঞ্চলিক ইতিহাসের প্রসঙ্গ হলেও বৃহদার্থে তা জাতীয় ইতিহাসেরই অঙ্গ। এ উপন্যাসে মশাররফের সমাজসচেতন শিল্পী মানসের গভীর পরিচয় প্রতিফলিত হয়েছে।

‘গাজী মিয়ার বস্তানী’ মূলত পরস্পর সম্পর্কিত কয়েকটি সামন্ত পরিবারের ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক অন্তর্কলহ এবং তাদের অন্তঃপুরের পাপ ও লজ্জার গুপ্ত কথার ব্যাঙ্গাত্মক চিত্রধর্মী কাহিনি। অর্থবিত্ত-সামাজিক মর্যাদা বংশকৌলীন্যে শ্রেষ্ঠ ও শ্রদ্ধেয় অভিজাত উচ্চশ্রেণির নৈতিকস্খলন, স্বার্থ-প্রবঞ্চনা ও লালসা-লোভের বিচিত্র ও আপাত-অবিশ্বাস্য কাহিনি পরিবেশনই লেখকের মূল অভিপ্রায়।

‘গাজী মিয়ার বস্তানী’তে মুখ্যত দুটি সমান্তরাল কাহিনি বিবৃত : কৃঞ্জ নিকেতনের কূটকৌশলী ভূমি অধিকারিণী পয়জারননেসা ওরফে বেগম ঠাকরুণের বেপরোয়া অনৈতিক জীবনযাপন এবং অপর পক্ষে জমদ্বারের জমিদারির দুটি প্রতিপক্ষ শরিক সোনাবিবি ও মনিবিবির দ্বন্দ্বকলহ, পাপাচার ও পরিণামের আখ্যান। এ দুটি কাহিনির সূত্রে গ্রথিত হয়েছে একাধিক শাখা কাহিনি। মানব চরিত্রের মন্দ ও অন্ধকার দিকগুলোই এ উপখ্যানে বিধৃত। মহৎ জীবনাদর্শ, সুরুচি-শালীনতার শিক্ষা, নৈতিক মূল্যবোধ, প্রেম-প্রীতি-কৃতজ্ঞতার মানসিক গুণাবলি ‘বস্তানী’র মানব-মানবীর জীবনে অনুশীলিত হয়নি। তাই রমণীর সতীত্ব দানে সানন্দ সম্মতি লোকনিন্দা উপেক্ষা করে উপপতির মনোরঞ্জন, পুত্রের হাতে গর্ভধারিণীর লাঞ্ছনা, নির্বিচার ল্যাম্পট্য ক্রীড়ায় নিত্য তৃপ্তি, ন্যায়ালয়ের প্রতিনিধির অনাচার, অর্থের কাছে বিবেক-বিশ্বাস-মনুষ্যত্ব বিসর্জন, সংকোচনহীন কৃতঘ্নতা-এসব ঘটনা স্বাভাবিক জীবনযাপন ও জীবনাচরণের অঙ্গ হিসাবেই প্রকাশিত। প্রকৃতপক্ষে ‘এক ক্লেদাক্ত পরিবেশের বিবেকশূন্য, নীতিবিবর্জিত, অসৎ ও চরিত্রহীন মানুষের কাহিনি এই ‘বস্তানী’।

‘গাজী মিয়ার বস্তানী’ মশাররফের ব্যক্তিগত অভিজ্ঞতার এক অবাঞ্ছিত অন্ধকার জগতের কাহিনি। মূল্যবোধহীন ফাঁপা এ সমাজের অকল্পনীয় কুৎসিত জীবনাচরণ ও ভোগসর্বস্ব জীবনদর্শনের কাহিনি এ গ্রন্থ। অর্থ ও আভিজাত্যও সেই নারকীয় ভুবনের কর্মকাণ্ডকে প্রলেপ দিতে বা প্রচ্ছন্ন রাখতে পারেনি। উদ্ভট ও আপাত-হাস্যকর-নামকরণের অন্তরালে প্রকৃত পাত্র-পাত্রী বা স্থানের নাম গোপন করা হলেও মীরের অভিজ্ঞতা ও স্মৃতিতে এরা বাস্তব ও জীবন্ত।

একটি বিশেষ যুগসন্ধিক্ষণে মীর মশাররফ হোসেন উপন্যাস রচনায় শিল্পী-চৈতন্যে যে নতুন মাত্রা যোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই পুথি সাহিত্যের গণ্ডি পেরিয়ে আধুনিক জীবন-সাহিত্যে পদার্পণের দরজা উন্মুক্ত করতে পেরেছিলেন। তিনি ইতিহাসকে তার শিল্প কুশলতার মাধ্যমে নবরূপদানে সক্ষম হয়েছেন। তিনি উপন্যাস রচনার মধ্য দিয়ে ভাষা-বৈশিষ্ট্যের সর্বাধিক সিদ্ধি ও সাফল্যের পরিচয় দিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাদুবাস্তববাদ ও আরব্য রজনি

জাদুবাস্তববাদ ও আরব্য রজনি

মীর মশাররফ হোসেনের উপন্যাসের শিল্পরূপ

মীর মশাররফ হোসেনের উপন্যাসের শিল্পরূপ

গল্প এক কাপ চা

এক কাপ চা

৮১ বছর বয়সে বুকার জয়

৮১ বছর বয়সে বুকার জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম