Logo
Logo
×

Advertisement

সাহিত্য সাময়িকী

গল্প

এক কাপ চা

Icon

সুরাইয়া জাহান

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এই শহরের সরকারি হাসপাতালের তুলনায় করপোরেট হাসপাতালগুলো ঝকঝকে চকচকে। করিডর ধরে স্ট্রেচারের চাকা সারা দিন গড়িয়ে চলে। নামকরা ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় আর টাকাওয়ালা মানুষের পায়ের ঘ্যাসঘাস শব্দের প্রতিধ্বনি শোনা যায় পরিপাটি দেওয়ালের ভাঁজে। প্রতিনিয়ত অসুস্থ মানুষের সঙ্গে চলে সুস্থ মানুষের দৌড়ঝাঁপ। কখনো কখনো অপারেশন থিয়েটারের লাল বাতির নিচে দাঁড়িয়ে স্বজনরা অপেক্ষা করে প্রিয় মানুষের জীবন-মৃত্যুর খবরের জন্য। এই ব্যস্ত পৃথিবীর ভেতরে অপারেশন থিয়েটার যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে মানুষের দক্ষতা আর ভাগ্য প্রতিদিন মুখোমুখি দাঁড়ায়।

এমনি এক অপারেশন থিয়েটার লাগোয়া বিশ্রামকক্ষের এক কোণে ইন্ডাকশন কুকারে কাচের কেতলিতে জল ফুটছে। ফুটন্ত জলে থেতো করা আদা, দু-একটি লবঙ্গ আর দারুচিনির টুকরা পড়তেই বাতাসে ছড়িয়ে পড়ে মিষ্টি ঝাঁঝালো সুবাস। সেই গন্ধে চনমন করে ওঠে ক্লান্ত শরীর।

ফুটন্ত জলের বুদবুদ উঠছে কেতলির কাচের দেওয়াল বেয়ে। কিছুটা উঠেই আবার নিচে নেমে যাচ্ছে জলের মিহি দানা! বাতাসে হিস হিস কাঁপন তুলে জলীয় বাষ্পের উড়ন্ত কণাগুলো মিলিয়ে যাচ্ছে বিশ্রামকক্ষের আলো আঁধারিতে! এক দৃষ্টিতে ফুটন্ত বুদবুদের দিকে তাকিয়ে থাকে নীলিমা। ওই যে পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপ, অপারেশন থিয়েটার-তার ইনচার্জ সে। ত্রিশের কোঠায় বয়স হলেও প্রথম দেখাতে বোঝাই মুশকিল। তাকে দেখলে মনে হয় সকালের সবটুকু আলো বুঝি মানুষের রূপ ধরে পৃথিবীতে নেমে এসেছে। ঘন কালো চুল আর গভীর দৃষ্টির চোখ দুটো তাকে মনে রাখতে বাধ্য করে। তার আকর্ষণ শুধু চেহারায় না; কাজের দক্ষতা, মানুষের প্রতি যত্ন আর হাসির আড়ালে লুকিয়ে রাখা এক অদ্ভুত বিষণ্নতায়।

ওটি চলাকালীন ফাঁকে ফাঁকেই সবাইকে চা দিতে হয় নীলিমার। সবার মধ্যে সার্জন আতিক রহমানের চায়ের তৃষ্ণা সবচেয়ে বেশি। দিনের মধ্যে কয়েকবার তিনি বিশ্রাম কক্ষে হানা দেন। বয়স পঞ্চাশ ছাড়িয়েছেন। অভিজ্ঞ সার্জন। কপালের বলিরেখার মাঝেও জীবনের অভিজ্ঞতার ছবি! অপারেশন থিয়েটারে তার হাত শীতের সকালে স্থির হয়ে থাকা হ্রদের জলের মতন-নির্ভুল, শান্ত, অবিচল। রোগীর জীবন বাঁচাতে ঘণ্টার পর ঘণ্টা যমের সঙ্গে লড়তে পারেন। অথচ নিজের জীবনের ভেতরে যে নিঃশব্দ শূন্যতা জমে উঠেছে, তার চিকিৎসা জানা নেই মানুষটির। অপারেশন শেষে ধীর পায়ে বিশ্রামকক্ষে এসে ডিভানে গা এলিয়ে নীলিমার বানানো চায়ের কাপ হাতে নিলেই তার সব ক্লান্তি উবে যায়।

স্ত্রী নাসরিন, দুই সন্তান, সুন্দর বাড়ি গাড়ি, সামাজিক সম্মান-সবই আছে তার। তবুও কখনো কখনো নিজের সংসারে নিজেকেই অতিথি মনে হয়। একটা জীবন ক্যারিয়ারের পেছনে দৌড়াতে দৌড়াতে কখন যেন সংসার থেকে দূরে বহুদূরে চলে গেছেন তিনি। এখন নিজেকে টাকা উপার্জনের মেশিন ছাড়া কিছুই মনে হয় না! আর নাসরিন! সংসার সামলায়, সন্তানদের পড়াশোনার খবর রাখে, আত্মীয়স্বজনের বিপদে দৌড়ে যায়-যেন মধ্যবয়সি দম দেওয়া একটা পুতুল! একই ছাদের নিচে পাশাপাশি থাকা দুজন মানুষ কখন যে পরস্পরের অভ্যাস হয়ে যায়-যেখানে বিস্ময় থাকে না, কোনো আকর্ষণ থাকে না, এই সত্য আতিক বুঝতেই পারেননি।

সেদিন বিকালে পরপর দুটি বড় অপারেশন শেষ করে আতিক বিশ্রাম কক্ষে শরীর এলিয়ে দিলেন। দীর্ঘসময় অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে থাকার ক্লান্তি তার চোখেমুখে। নীলিমা তখন ইন্ডাকশন কুকারে কাচের কেতলি বসিয়েছে। ফুটন্ত জলে আদা, লবঙ্গ আর দারুচিনি পড়তেই ঘর ভরে উঠল মায়াবী সুগন্ধে।

স্যার আজ আপনার অনেক ধকল গেছে... বলতে বলতে চায়ের কাপ এগিয়ে দেয় নীলিমা।

ঠিক ওই মুহূর্তে এত মিষ্টি আর মোহনীয় লাগে নীলিমার কণ্ঠস্বর, আতিকের চোখ খুলতে ইচ্ছে করে না।

তোমার চা খেলে আমার সব ক্লান্তি পালিয়ে যাবে... ঠোঁটের কোণে মুচকি একটা হাসি ধরে রেখে বলেন আতিক।

তাহলে তো আমাকে হাসপাতালের চা বিভাগের প্রধান বানিয়ে দেওয়া উচিত। বলতে বলতে কেমন এক বিষণ্নতা ঘিরে ধরে নীলিমাকে।

কী হয়েছে তোমার? মন খারাপ? চায়ের কাপটা সামনের টেবিলে নামিয়ে রাখেন আতিক।

আকাশি রঙের ওটি গাউনের ভেতর নীলিমার ফর্সা ধবধবে মুখখানা একখণ্ড পরিযায়ী মেঘের মতন লাগে। যাকে ইচ্ছা করলেই ধরে রাখা যায় না।

কিছু না স্যার, বাড়ির জন্য দুশ্চিন্তা হয়... বলতে বলতে ডানে বামে মাথা দোলায় নীলিমা।

প্রশ্নটা খুব সাধারণ ছিল। কিন্তু নীলিমার কাছে মনে হলো, কেউ যেন অনেক অনেক দিন পর তার মনের দরজায় কড়া নাড়ল।

নীলিমার বাবা দীর্ঘদিন অসুস্থ। ছোট ভাইটি ঠিকঠাক কলেজে যায় না। ওদিকে ষোড়শী বোনটিকে বখাটে ছেলেদের উৎপাতে বাড়িতে রাখা মুশকিল। অনেক সখ ছিল নিজের যোগ্যতায় আরও বড় একটা চাকরি করবে, পরিবারকে আরেকটু সচ্ছলতা এনে দেবে। যতই দিন যায় নীলিমার স্বপ্নের পথটা যেন আরও কাঁটাময় হয়ে যাচ্ছে।

বাবার শরীরটা দিনে দিনে আরও খারাপ হয়ে যাচ্ছে... ভাইটা কথা শোনে না! মাঝে মাঝে খুব অসহায় লাগে স্যার! আমি যে একটা মানুষ সেটাই ভুলে যায় আমার পরিবার। বলতে বলতে বন্ধ কাচের জানালার বাইরে তাকায় নীলিমা। চোখের কোল গড়িয়ে নামতে থাকে নোনা জলের চিকন ধারা।

আতিক শুনলেন। রোগীর যন্ত্রণা তিনি প্রতিদিন দেখেন। শরীরের ক্ষত সেলাই করতে জানেন। কিন্তু একজন মানুষ যখন নিজের অসহায়ত্বের কথা বলে, তখন তার কষ্টের পাশে কীভাবে দাঁড়াতে হয়, সেই শিক্ষা চিকিৎসা বিজ্ঞানের কোনো বই তাকে দেয়নি।

নিজেকে এত ছোট করে দেখ না নীলিমা। তুমি তোমার পরিবারের জন্য যা করছ সেটাই বা ক’জন পারে বলো! শান্ত, ধীর স্থির কণ্ঠস্বর আতিকের।

সবাই শুধু ফলাফল দেখে স্যার। কতটা কষ্ট করছি সেটা কেউই বুঝতে পারে না বা বুঝতে চায় না। জানালার দিক থেকে মাথা ঘুরিয়ে ম্লান হেসে বলে নীলিমা।

এরপর থেকে প্রায়ই নীলিমাকে ওর বাসায় পৌঁছে দেন আতিক।

এর মাঝেই একদিন ডেল কার্নেগির একটা বই নিয়ে আসেন নীলিমার জন্য। মাঝে মাঝে বইটা পড়বে। জীবন সম্পর্কে তোমার অনেক ধারণা পালটে যাবে... বলতে বলতে নীলিমার দিকে বইটি এগিয়ে দিলেন আতিক।

ধন্যবাদ স্যার। আপনি এত কিছু মনে রাখেন কীভাবে? বইটি হাতে নেড়েচেড়ে দেখতে দেখতে বলে নীলিমা। সব কথা মনে আর থাকে কই বলো! কারও কারও কথা আবার সারা দিন মাথায় ঘুরপাক খেতেই থাকে ...মৃদু হেসে ওটিতে চলে যান আতিক।

সেই প্রথম আতিক অনুভব করেন, মেয়েটির চোখের গভীরে শুধু সৌন্দর্য নয়; সেখানে জমে আছে দীর্ঘদিনের ক্লান্তি, স্বপ্নের ভার আর একটু নির্ভরতার আকাঙ্ক্ষা। বয়সের সীমারেখা, সমাজের বিধিনিষেধ ছাপিয়ে আতিকের নিজের ভেতরেও অজান্তেই জন্ম নিতে লাগল মেয়েটার প্রতি এক অদ্ভুত মায়া।

চায়ের কাপের সঙ্গে নীলিমার জীবনের গল্পও আতিকের প্রতি দিনের অভ্যাস হয়ে ওঠে।

কখনো সে বাবার পুরোনো দিনের গল্প বলে, কখনো ছোট ভাইয়ের দুষ্টুমির কথা- কখনো নিজের ছোটবেলার কথা, স্বপ্নের কথা। আতিক মন দিয়ে শোনেন-

জানেন স্যার, মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ আমাকে জিজ্ঞেস করুক-নীলিমা, তুমি কেমন আছ? তোমার নিজের কী চাই? কেউ একজন খুব নিভৃতে একটু জড়িয়ে রাখুক... বলেই লজ্জায় মুষড়ে পড়ে নীলিমা।

আতিকের হাতে ধরা চায়ের কাপটা স্থির হয়ে গেল!

তাহলে আজ আমিই তোমায় জিজ্ঞেস করছি, তুমি কেমন আছ নীলিমা? প্রশ্নটা করে নীলিমার দিকে গভীর চোখে তাকিয়ে থাকেন আতিক।

নীলিমা হেসে ফেলে আবার মুহূর্তেই হাসি মিলিয়েও যায় ঠোঁটে।

সত্যি বলতে, জানি না স্যার!

আতিক ধীরে ধীরে লক্ষ করলেন নীলিমা কষ্টের কথা বললে তার মন খারাপ হয়, নীলিমা হাসলে তার দিনটি ভালো হয়ে যায়। অন্য কারও সঙ্গে নীলিমাকে প্রাণ খুলে হাসতে দেখলে তার বুকের ভেতর অকারণে একটা শূন্যতা তৈরি হয়। তিনি কি নীলিমার প্রতি সহানুভতিশীল হয়ে পড়েছেন, নাকি সহানুভূতি অতিক্রম করে অন্য কোনো অনুভূতি তার মনে শিকড় ছড়িয়েছে?

উত্তরটা তিনি ঠিকই জানতেন তবে নিজের কাছে স্বীকার করতে চাইতেন না। একদিন নীলিমা চা বানাতে বানাতে জিজ্ঞেস করেই ফেলে।

স্যার আপনি আমার এত কথা শোনেন কেন?

তোমার কথা শুনতে ভালো লাগে তাই! আতিকের চোখে মুখে চাপা প্রশ্রয়ের হাসি।

আমার তো খুবই সাদামাটা জীবন! বিশেষ কিছুই নেই... আসলে আপনার সঙ্গে কথা বললে আমার মনটা হালকা হয়, বাঁচার শক্তি পাই। ধীরে ধীরে নিচু গলায় বলে নীলিমা।

চা শেষ করে চলেই যাচ্ছিলেন আতিক। নীলিমার কথায় থমকে দাঁড়ান। মনে হলো তার হৃদয়ের অন্ধকার কোণে হঠাৎ কেউ একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। সেই প্রদীপের আলোয় তিনি আর শুধু একজন দায়িত্বশীল চিকিৎসকই নন তিনি এমন একজন মানুষ যার জন্য এ মেয়েটি দিনের শেষ আলোয় দরজা খুলে দাঁড়িয়ে থাকে। আর এই অনুভূতিই তাকে ধীরে ধীরে বিপজ্জনক এক স্রোতের দিকে টেনে নিয়ে যাচ্ছিল।

পরের দিন সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি ছিল। অপারেশন শেষ হতে না হতেই সব করিডর ফাঁকা! আতিক বিশ্রাম কক্ষে ঢুকে দেখলেন নীলিমা একা বসে আছে। সামনে ঠান্ডা হয়ে যাওয়া চা। চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল। ভেতরটা হাহাকার করে উঠল আতিকের।

কী হয়েছে তোমার? প্রবল আকুতি ঝরে পড়ল আতিকের কণ্ঠে।

বাবার শারীরিক অবস্থা খুব খারাপ। মাসের প্রায় শেষ! হাতে একটা টাকাও নেই স্যার। কখনো কখনো মনে হয় আর পারছি না। সবাই আমার দিকে তাকিয়ে থাকে, যদি আমি ক্লান্ত হয়ে যাই কার কাছে গিয়ে দাঁড়াব, সেটা তো আমি জানি না। নিজেকে আর সামলাতে পারে না নীলিমা। অঝরে কাঁদতে থাকে হাতের তালুতে মুখ ঢেকে।

আতিকের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। নীলিমার গা-ঘেঁষে ডিভানে বসলেন।

সব দায়িত্ব একা বহন করতে হবে না তোমাকে। প্রয়োজনে সাহায্য চাইবে আমাদের কাছে। আর নিজের যত্ন তাও নিতে হবে। ধীরে ধীরে শান্ত গলায় বললেন আতিক।

আপনি সব সময় এত ধৈর্য নিয়ে কথা বলেন কীভাবে? কান্না থামিয়ে অবাক চোখে তাকিয়ে থাকে নীলিমা।

হয়তো সার্জন বলে। অপারেশন থিয়েটারে তাড়াহুড়া করলে চলে না। মুচকি হাসি ছড়িয়ে পড়ে আতিকের চোখে মুখে।

কিন্তু আপনারও তো কষ্ট হয়, স্যার?

প্রশ্নটা শুনে রীতিমতো থমকে গেলেন আতিক। তার নিজের জীবনে কষ্ট নেই এমন নয়। কিন্তু এত বছর ধরে সংসার, পেশা আর সামাজিক দায়িত্বের মধ্যে চলতে চলতে তিনি নিজের অনুভূতিগুলোকে যেন পুরোনো এক ড্রয়ারে তালাবদ্ধ করে রেখেছেন।

কেউ আর সেই তালা খোলার চেষ্টা করে না। অথচ এতকাল পর এই মেয়েটি সেই বদ্ধ ড্রয়ারের হাতল ধরে টানাটানি করছে। নীলিমা এমন করে তার দিকে তাকিয়ে আছে যেন অভিজ্ঞ এক সার্জনের আড়ালে থাকা ক্লান্ত মানুষটিকেও সে দেখতে পাচ্ছে।

মুহূর্তে মানিব্যাগ বের করে পাঁচ হাজার টাকা গুঁজে দেন নীলিমার হাতে।

বাবার চিকিৎসার জন্য পাঠিয়ে দাও... বলেই দ্রুত বের হয়ে যান আতিক। টাকাটা হাতে নিয়ে রীতিমতো বাকরুদ্ধ নীলিমা আতিকের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে।

রাতে বাড়ি ফিরে সে শুধু নীলিমার কথাই ভাবেন। নাসরিন পাশের ঘরে ছেলেমেয়েদের স্কুল কলেজের খোঁজ খবর নিচ্ছিল। আতিকের মনে হলো, তার নিজের সংসার, কত শব্দ, কত দায়িত্ব-তবু তিনি কেমন নিঃসঙ্গ, বন্ধুহীন। আর নীলিমা, যার নিজের সংসারই তাকে প্রতিদিন টেনে ধরে, সেই মেয়েটিকেই তার বন্ধু মনে হয়, তার সান্নিধ্য মনে প্রশান্তি এনে দেয়। তবে এ প্রশান্তি কি প্রেম নাকি নিজের জীবনের ক্লান্তি থেকে পালানোর জন্য অন্য একজন মানুষের ছায়ায় আশ্রয় নেওয়া? আতিক এ প্রশ্নগুলোর উত্তর জানতেন না কিংবা উত্তর খুঁজতে চান না। তিনি শুধু জানেন, নীলিমাকে না দেখলে তার দিন অসম্পূর্ণ লাগে।

সেদিনও অপারেশন শেষ হতে অনেক রাত হয়ে গেল। ক্লান্তিতে শরীর আর চলছিল না। নীলিমা চা ছেঁকে কাপ এগিয়ে দিল। আতিক এক দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে থাকেন, চায়ের কাপ হাতে নিলেন না!

কী হয়েছে স্যার? কিছুটা হতভম্ব কণ্ঠে জানতে চায় নীলিমা।

তোমাকে একটা কথা বলব?

বলুন।

জানো, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। যেদিন ওটি থাকে না আমার অস্থির লাগে। আমি জানি এটা বলা উচিত নয়। কিন্তু নিজের কাছে আর মিথ্যা বলতে পারছি না। ভীষণ রকম আকুতি ঝরে পড়ে আতিকের গলায়।

আপনি জানেন, আপনার সংসার আছে? শান্ত গলায় বলে নীলিমা।

জানি। কোনোরকম দ্বিধা নেই আতিকের কণ্ঠে।

তবুও? বিস্মিত নীলিমা জানতে চায়।

আতিক দীর্ঘশ্বাস ফেললেন। আমার সংসার আছে, স্ত্রী সন্তানদের প্রতি দায়বদ্ধতা আছে। কিন্তু আমার ভেতরের যে মানুষটা অনেকদিন ধরে বোবা হয়ে আছে, সে তো তোমার কাছে এসে কথা বলতে শিখেছে। আমি জানি না এটা ভালোবাসা নাকি নিজের শূন্যতা থেকে পালানোর চেষ্টা! শুধু জানি, তোমার হাসি মুখ দেখার জন্য আমি সারা দিন অপেক্ষা করি।

আমিও আপনার জন্য অপেক্ষা করি স্যার। আপনি এলে মনে হয়, কেউ একজন আছে যে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। আমার ক্লান্তিটা বোঝে। কিন্তু আপনার অপেক্ষার শেষে আপনার স্ত্রী আছে, সন্তান আছে। আমার অপেক্ষার কোনো শেষ নেই স্যার! হু হু করে কেঁদে ফেলে নীলিমা।

কথাগুলো আতিকের সব আবেগের ওপর মুহূর্তেই এক মুঠো ঠান্ডা জল ঢেলে দেয়। তিনি নীলিমার হাত দুটো চেপে ধরলেন। মেয়েটি হাত সরিয়ে নিল না, কিন্তু তার চোখে আনন্দের সঙ্গে ভয়ও মিশে ছিল।

আতিক আলতো করে নীলিমাকে বুকে টেনে নিলেন। নীলিমার মাথা তার কাঁধে এসে ঠেকল। মেয়েটার ঘন কালো চুল থেকে মিষ্টি একটা সুগন্ধ তার নাকে লাগে। কয়েক মুহূর্তের জন্য মনে হলো বাইরের কোলাহল, হাসপাতালের শব্দ, পৃথিবীর সব দায়িত্ব যেন দূরে সরে গেল। তার বুকের কাছে মেয়েটির নিশ্বাস কাঁপছিল, আর আতিক অনুভব করছিলেন, দীর্ঘদিনের জমে থাকা একাকিত্বের বরফ যেন একটু একটু করে গলছে।

আতিক মুখ নামিয়ে নীলিমার ঠোঁটে আলতো করে চুমু খেলেন। নীলিমাও শক্ত করে তার বুকের সঙ্গে লেপটে রইল। মুহূর্ত মাত্র! নিজেকে ধীরে সরিয়ে নিল নীলিমা। যদিও স্পর্শটি ছিল ক্ষণিকের, অথচ তার অভিঘাত দীর্ঘদিনের নীরবতার চেয়েও গভীর।

স্যার, আপনার প্রতি ভালো লাগাটা আমি আজীবন ধরে রাখতে চাই। কিন্তু এমনভাবে নয়, যাতে একদিন আমরা নিজেদেরই নিজেরা চিনতে না পারি। মুহূর্তের আবেগ কিছুটা সামলে নিয়ে কেতলি থেকে ফুটন্ত চা ঢালতে ঢালতে বলে নীলিমা।

ডিভানে বসে আতিক চায়ে চুমুক দেন। সুগন্ধ আগের মতোই, স্বাদও একই। অথচ আজ তার মনে হলো, প্রতিটি চুমুকে আনন্দের পাশাপাশি একফোঁটা অনুশোচনা মিশে আছে। নীলিমার দুঃখ তাকে স্পর্শ করে, তার একাকিত্ব তাকে টেনেছে। কিন্তু তার মানে এই নয় যে, তিনি নীলিমার সব দুঃখের সমাধান!

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাদুবাস্তববাদ ও আরব্য রজনি

জাদুবাস্তববাদ ও আরব্য রজনি

মীর মশাররফ হোসেনের উপন্যাসের শিল্পরূপ

মীর মশাররফ হোসেনের উপন্যাসের শিল্পরূপ

গল্প এক কাপ চা

এক কাপ চা

৮১ বছর বয়সে বুকার জয়

৮১ বছর বয়সে বুকার জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম