জাতীয় জীবনে নজরুলচর্চার অপরিহার্যতা
প্রশাসন, শিক্ষা ও বাজেটে নজরুল কোথায়?
মোহাম্মদ জসিম উদ্দিন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০২৪ সালের জুলাইয়ে এ দেশের দেওয়ালে দেওয়ালে একজন কবির পঙ্ক্তি আঁকা হয়েছিল। আবু সাঈদের প্রতিকৃতির পাশে নজরুলের দ্রোহের উচ্চারণ, গুলির মুখে মিছিলে ‘চল্ চল্ চল্’, আর দীর্ঘদিনের অপশাসন, ফ্যাসিবাদ ও নিপীড়ন থেকে মুক্তি এবং কারাবন্দি সহযোদ্ধাদের মুক্তির দাবিতে ‘কারার ঐ লৌহকপাট’ মূলমন্ত্র হিসাবে কাজ করেছে। যে কবি ১৯৪২ সালে নির্বাক হয়ে গিয়েছিলেন, আট দশক পর তিনি একটি প্রজন্মের কণ্ঠ হয়ে উঠলেন। এর পাঁচ মাস পর, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর, রাষ্ট্র প্রজ্ঞাপন জারি করে তাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি ঘোষণা করেছে।
আমার কেন্দ্রীয় প্রশ্ন এ দুই ঘটনার মাঝখানে : জনগণ নজরুলকে তুলে নিয়েছে দেওয়ালে, রাষ্ট্র তুলে নিয়েছে গেজেটে; কিন্তু রাষ্ট্রের নীতি, প্রশাসন, শিক্ষা ও বাজেটে নজরুল কোথায়? আমার প্রস্তাব হলো, নজরুলকে আর শুধু সাংস্কৃতিক উত্তরাধিকার হিসাবে দেখলে চলবে না। তার রচনায় একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রদর্শন নিহিত আছে, যাকে আমি বলব ‘নজরুলীয় রাষ্ট্রদর্শন’। আর সেই দর্শনকে নীতিতে রূপান্তর করাই জাতীয় কর্তব্য।
নজরুলীয় রাষ্ট্রদর্শনের তিন স্তম্ভ
এই রাষ্ট্রদর্শন তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে : মুক্তি, সাম্য ও আত্মমর্যাদা।
প্রথম স্তম্ভ মুক্তি। অমর্ত্য সেন উন্নয়নকে দেখেছেন মানুষের প্রকৃত স্বাধীনতা সম্প্রসারণের প্রক্রিয়া হিসাবে। নজরুল এ কথা বলেছিলেন সেনের সাত দশক আগে, কবিতার ভাষায়। ১৯২২ সালে ‘ধূমকেতু’তে তিনি লিখেছিলেন, ‘ভারতবর্ষের এক পরমাণু অংশও বিদেশির অধীন থাকবে না।’ কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিল এর সাত বছর পরে। কিন্তু নজরুলের মুক্তি এখানেই শেষ নয়। ‘বিদ্রোহী’তে তিনি ঘোষণা করেন, তার বিদ্রোহ থামবে সেদিনই, যেদিন ‘উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।’ এটি একটি রাষ্ট্রের জন্য স্থায়ী মানদণ্ড : প্রতিটি নীতিকে প্রশ্ন করতে হবে, এটি উৎপীড়িতের কান্না কমাচ্ছে, নাকি বাড়াচ্ছে?
দ্বিতীয় স্তম্ভ সাম্য। ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’-এই উচ্চারণ কোনো আবেগী স্লোগান নয়, এটি রাষ্ট্রের অগ্রাধিকার নির্ধারণের নীতি। আন্তোনিও গ্রামসি দেখিয়েছেন, শাসকশ্রেণি শুধু বলপ্রয়োগে নয়, সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমে বৈষম্যকে স্বাভাবিক করে তোলে; আর প্রতিটি নিপীড়িত শ্রেণির প্রয়োজন হয় নিজস্ব জৈব বুদ্ধিজীবী, যিনি সেই আধিপত্য ভাঙার ভাষা দেবেন। চুরুলিয়ার এক সময়ের প্রতাপশালী ও আত্মমর্যাদাশীল কাজী পরিবার, যারা মোগল আমলে সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী ছিলেন, ব্রিটিশ শাসনামলে মুসলিমবিদ্বেষী ষড়যন্ত্রের শিকার হয়ে সর্বস্ব হারায় এবং দারিদ্র্যসীমার নিচে নেমে আসে। এমনই এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলার শ্রমজীবী মানুষের মধ্য থেকে উঠে আসা এক প্রকৃত জৈব বুদ্ধিজীবী। ‘কুলি-মজুর’-এ শ্রমিকের প্রশ্ন, ‘তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নীচে, / অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে!’, ঠিক সেই আধিপত্য ভাঙারই মুহূর্ত, এবং এই প্রশ্নগুলোই ছিল চব্বিশের বিপ্লবীদের মূলমন্ত্র।
তৃতীয় স্তম্ভ আত্মমর্যাদা। একটি জাতির পররাষ্ট্রনীতির নৈতিক ভিত্তি হতে পারে ‘বিদ্রোহী’র একটি পঙ্ক্তি : ‘আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ!’ এর অর্থ বিচ্ছিন্নতা নয়; নজরুল নিজে হাফিজ, খৈয়াম ও আন্তর্জাতিক শ্রমিক সংগীত বাংলায় এনেছেন। এর অর্থ হলো, ছোট-বড় সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক, কিন্তু কোনো আধিপত্যের কাছে নতি স্বীকার নয়। ন্গুগি ওয়া থিয়োঙ্গো যে সাংস্কৃতিক বোমার কথা বলেছেন, যা একটি জাতিকে তার ভাষা, ঐতিহ্য ও শেষ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস হারাতে বাধ্য করে, তার বিরুদ্ধে নজরুলই আমাদের সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক প্রতিরক্ষা।
রোগ নির্ণয় : নজরুলের আয়নায় আজকের বাংলাদেশ
এই তিন স্তম্ভের আয়নায় আজকের বাংলাদেশকে দেখলে চারটি গভীর সংকট চোখে পড়ে। প্রথম সংকট ন্যায়বিচার ও লুণ্ঠনের। ২০২৪ সালের শ্বেতপত্র কমিটির হিসাবে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে গড়ে বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। নজরুলের চোর-ডাকাত এক শতাব্দী আগেই এর নাম দিয়েছিল : ‘চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে!’ আর ‘রাজবন্দীর জবানবন্দী’তে তিনি রাষ্ট্রের সামনে যে প্রশ্ন রেখেছিলেন, তা আজও অমীমাংসিত : রাষ্ট্র কি চলবে ‘রাজদণ্ডে, নাকি ন্যায়দণ্ডে?
দ্বিতীয় সংকট তথ্য ও সম্প্রীতির। ২০২৪ সালের আগস্টে বিবিসি ভেরিফাই দেখিয়েছে, বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে অনেক ভুয়া পোস্ট ভারতের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছিল, যদিও গুজব দেশের ভেতর থেকেও ছড়িয়েছে। নজরুলের ‘মন্দির ও মসজিদ শিখিয়েছিল, দাঙ্গায় মরে সাধারণ মানুষ, লাভবান হয় অন্য কেউ। সেই শিক্ষাই আমাদের তরুণেরা প্রয়োগ করেছিল মন্দির পাহারা দিয়ে। তৃতীয় সংকট শিক্ষার। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মুখস্থনির্ভর শিক্ষা অর্থহীন হয়ে পড়েছে। নজরুলের উত্তর : ‘মানুষ এনেছে গ্রন্থ;-গ্রন্থ আনেনি মানুষ কোনো।’ আজ একে এভাবে পড়তে হবে : মানুষ প্রযুক্তি বানিয়েছে, প্রযুক্তি মানুষ বানায়নি।
চতুর্থ সংকট তারুণ্যের। যে তরুণরা একটি সরকারের পতন ঘটাতে পারে, তাদের একটি বড় অংশ আজ বেকারত্ব ও অনিশ্চয়তায় বিপর্যস্ত। ফ্রানৎস ফানোঁ লিখেছেন, প্রতিটি প্রজন্মকে তার দায়িত্ব খুঁজে নিতে হয়, এবং হয় তা পালন করতে হয়, নয়তো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়। নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ সেই সতর্কবার্তা দেয় : দুর্গম পথ পেরোনোর পরও কাণ্ডারীকে সজাগ থাকতে হয়।
নীতিনির্ধারকদের জন্য সাত দফা সুপারিশ
নজরুলকে গেজেট থেকে নীতিতে আনতে সরকারের কাছে সাতটি সুপারিশ রাখছি।
এক. মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ে শিক্ষা, সংস্কৃতি, তথ্য, আইন, শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে একটি জাতীয় নজরুলচর্চা টাস্কফোর্স গঠন করা হোক। এ টাস্কফোর্স প্রতিবছর নজরুলের আদর্শ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করবে।
দুই. জাতীয় শিক্ষাক্রমে নজরুলকে মুখস্থের বিষয় থেকে বিশ্লেষণ ও বিতর্কের বিষয়ে রূপান্তর করা হোক। ‘মানুষ’, ‘নারী’, ‘কুলি মজুর’, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ ও ‘রাজবন্দীর জবানবন্দী’ হোক নাগরিকতা, নৈতিকতা ও সমালোচনামূলক চিন্তার পাঠ।
তিন. বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বুনিয়াদি প্রশিক্ষণে ‘রাজবন্দীর জবানবন্দী’ ও ‘চোর-ডাকাত’ অন্তর্ভুক্ত করা হোক, যাতে প্রত্যেক প্রশাসক ও বিচারক রাজদণ্ড আর ন্যায়দণ্ডের পার্থক্য মনে রাখেন।
চার. গণমাধ্যমের নৈতিক আচরণবিধিতে নজরুলের সত্যনিষ্ঠ ও দলনিরপেক্ষ সাংবাদিকতার আদর্শ যুক্ত করা হোক এবং মাধ্যমিক স্তর থেকে গণমাধ্যম সাক্ষরতা চালু করা হোক, যাতে নাগরিকরা সাম্প্রদায়িক অপপ্রচার চিনতে পারে।
পাঁচ. জাতীয় বাজেটে একটি ‘ন্যায্যতার মানদণ্ড’ প্রয়োগ করা হোক : প্রতিটি বড় বরাদ্দ দরিদ্র, কৃষক, শ্রমিক, নারী ও শিশুর জীবনে কী পরিবর্তন আনবে, তা স্পষ্ট করতে হবে। একই সঙ্গে অর্থপাচার রোধ ও পাচার হওয়া সম্পদ ফেরতের উদ্যোগকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে।
ছয়. নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সমন্বয়ে নজরুলের সমগ্র রচনা, পত্রিকা, রেকর্ড ও পাণ্ডুলিপির একটি উন্মুক্ত ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হোক এবং নজরুলের কথাসাহিত্যকে চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও অ্যানিমেশনে রূপান্তরের জন্য সরকারি অনুদান দেওয়া হোক এবং জাতীয় জীবনে রাষ্ট্রের স্থিতিশীলতা, সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা ও আত্মমর্যাদাবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির উদ্যোগে নজরুলের সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও রাজনৈতিক দর্শনের ওপর গবেষণাভিত্তিক মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি, এসব বিষয়ে উচ্চতর গবেষণায় দক্ষ ও যোগ্য ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
সাত. পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক কূটনীতিতে নজরুলকে কেন্দ্রে আনা হোক : প্রধান বিশ্বভাষায় মানসম্পন্ন অনুবাদ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে নজরুল গবেষণা চেয়ার এবং নজরুলসংগীতকে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ। নজরুল ইতোমধ্যে সীমানা পেরিয়েছেন : পশ্চিমবঙ্গে তার নামে বিশ্ববিদ্যালয় আছে, আর নেপালের গবেষকরা তাকে দক্ষিণ এশিয়ার প্রতিরোধ-সাহিত্যের প্রধান কণ্ঠ হিসাবে পাঠ করছেন।
আট. ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর পরাজয় এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের ঐতিহাসিক ঘটনাবলি থেকে বর্তমান ও ভবিষ্যৎ শাসক এবং আমলাদের শিক্ষা গ্রহণের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা। এসব ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনায় জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা গড়ে তোলা।
গেজেট থেকে নীতিতে
ইতিহাস সাক্ষী, নজরুল প্রতিটি সংকটে ফিরে আসেন। ব্রিটিশ কারাগারে ‘কারার ঐ লৌহকপাট’ গেয়েছেন স্বাধীনতা সংগ্রামীরা; ১৯৭০ সালে জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’তে একই গান হয়েছে পাকিস্তানি স্বৈরশাসনবিরোধী প্রতিবাদের ভাষা; স্বাধীনতার পর ‘চল্ চল্ চল্’ হয়েছে আমাদের রণসংগীত; আর ২০২৪ সালে তিনি ফিরে এসেছেন একটি প্রজন্মের দেওয়ালে।
কিন্তু একটি জাতি যদি তার কবিকে শুধু সংকটের সময় স্মরণ করে আর শান্তির সময় ভুলে যায়, তবে সংকট বারবার ফিরে আসে। নজরুলচর্চার অর্থ তাই দুর্যোগের দিনে দ্রোহের গান গাওয়া নয়, প্রতিদিনের শাসনে তার ন্যায়দণ্ড প্রয়োগ করা।
নজরুল তার শেষ ভাষণে বলেছিলেন, ‘আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের।’ রাষ্ট্র তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছে। এখন সময় তার আদর্শকে জাতীয় নীতির মর্যাদা দেওয়ার। গেজেট থেকে নীতিতে, দেওয়াল থেকে রাষ্ট্রে নজরুলকে নিয়ে আসাই আমাদের প্রজন্মের দায়।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রতিমন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চর্চা আরও বিস্তৃত পরিসরে করতে হবে। শুধু আনুষ্ঠানিকতার মধ্যে নজরুলচর্চাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাকে মানুষের মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের সর্বস্তরে নজরুলচর্চা তথা সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে হবে। সরকার নজরুলবর্ষ পালন করছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এসব আয়োজন করা হচ্ছে। ত্রিশালেও কর্মসূচি পালিত হয়েছে। তবে শুধু আয়োজন করলেই হবে না, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের চর্চা বাড়াতে হবে।
নজরুলের নামে একাধিক প্রতিষ্ঠান ও স্থাপনা থাকলেও সেখানকার শিক্ষার্থীদের মধ্যে তার সাহিত্য ও সংস্কৃতির চর্চা প্রত্যাশিত পর্যায়ে নেই। এ অবস্থা থেকে উত্তরণে সংস্কৃতিচর্চাকে শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা প্রয়োজন।
দীর্ঘদিনের অবহেলা, পৃষ্ঠপোষকতার অভাব, দুর্নীতি, পরিকল্পনাহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। অনেক প্রতিষ্ঠানের অবকাঠামো ও বিধিবিধান সময়োপযোগী নয়। এসব প্রতিষ্ঠানকে কার্যকর ও আধুনিক করতে প্রয়োজনীয় উদ্যোগ প্রয়োজন। সাংস্কৃতিক নীতি ও প্রতিষ্ঠানগুলোর নিয়মকানুনও পর্যালোচনা করা দরকার। এর জন্য সবার পরামর্শ ও অংশগ্রহণ দরকার।
দেশের সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে সংগীত, নৃত্য, লোকসংস্কৃতি, চলচ্চিত্র, নাটক, আবৃত্তি ও চারুকলাসহ সংস্কৃতির বিভিন্ন ধারা তুলে ধরা হবে। পাশাপাশি যাত্রা, সার্কাস, ঘুড়ি ওড়ানো ও বিয়ের গানের মতো ঐতিহ্যবাহী আয়োজনও থাকবে। রাজধানীর পাশাপাশি জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়েও উৎসবের কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। সংস্কৃতির নিজস্ব পরিচয় ও স্বাতন্ত্র্য রয়েছে। সে পরিচয় অক্ষুণ্ন রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটাতে হবে। শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জন্য কাজের সুযোগ এবং অর্থনৈতিক সম্ভাবনা তৈরির লক্ষ্যে সরকার সাংস্কৃতিক অর্থনীতির বিকাশ নিয়েও কাজ করছে।
আবদুল হাই শিকদার
সম্পাদক, দৈনিক যুগান্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুলবর্ষের কর্মসূচির অংশ হিসাবেই আজকের এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। ‘বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য ও পানির প্রয়োজন। একটি জাতির জন্যও এ চারটি উপাদান প্রয়োজন। বাংলা সাহিত্যে এ চারটি উপাদান একসঙ্গে মাত্র একজন মানুষের মধ্যে পাওয়া যায়। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এ কারণেই আমরা বলি, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম অবিচ্ছেদ্য সত্তা।’
নজরুল ও বাংলাদেশের সম্পর্ক অবিভাজ্য। দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্কও তেমন। এ সম্পর্ক কোনোভাবেই বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে নজরুলকে বিচ্ছিন্ন করা হলে জাতীয়তাবাদের মাধুর্য নষ্ট হবে। রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আত্মিক শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস কাজী নজরুল ইসলাম। সেই উৎসকে যথাযথভাবে আত্মস্থ ও ধারণ করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে পড়বে।
আমরা সবাই জানি, ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা।’
সলিমুল্লাহ খান
লেখক, গবেষক ও শিক্ষক
কবি কাজী নজরুল ইসলামকে শুধু তার জীবনচরিত্র দিয়ে বোঝা সম্ভব নয়, তাকে বুঝতে হবে তার শিল্পকর্মের মধ্য দিয়ে। নজরুলের রচনা ও সংগীত সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়াও প্রয়োজন। কবিকে তার জীবনচরিত্রে পাওয়া যায় না, তার শিল্পকর্মে পাওয়া যায়। নজরুল ইসলাম শুধু কবি নন, সংগীতের মহান রূপকার।
নজরুলের সাহিত্যকর্ম নিয়ে যথাযথ গবেষণা ও মূল্যায়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঘাটতি রয়েছে। নজরুলের অসুস্থ হওয়ার আগে তাকে নিয়ে উল্লেখযোগ্য কোনো গবেষণাগ্রন্থ প্রকাশ পায়নি। আমাদের প্রথম কর্তব্য কী? নজরুলের লেখাগুলো রক্ষা করা। নজরুলের রচনাবলি সংগ্রহ ও সংরক্ষণে কবি আব্দুল কাদিরের ভূমিকা রয়েছে। এখনো নজরুলের অনেক কাজ নিয়ে অনুসন্ধান ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে।
নজরুলের গানগুলো আদি রেকর্ডের ভিত্তিতে সংরক্ষণ প্রয়োজন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শিক্ষাব্যবস্থার ভূমিকাও রয়েছে।
বাংলা কবিতার পরবর্তী ধারার অনেক গুরুত্বপূর্ণ কবি ও সমালোচক নজরুলকে যথাযথভাবে মূল্যায়ন করেননি। নজরুল ইসলামের প্রতিভা বোঝার মতো বয়স এখনো আমাদের হয়নি। নজরুলকে শুধু জাতীয় কবির পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার বহুমাত্রিক সাহিত্য ও শিল্পপ্রতিভা নিয়ে নতুন করে মূল্যায়ন প্রয়োজন।
ফেরদৌস আরা
নজরুল-সংগীতশিল্পী
নজরুল ইনস্টিটিউটকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানা সীমাবদ্ধতা ও অবহেলার মধ্যদিয়ে চলছে। অথচ নজরুলের শুদ্ধ বাণী ও সুর সংরক্ষণ, গবেষণা এবং নতুন শিল্পী তৈরিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছোটবেলায় কাজী নজরুল ইসলামের কাছেও গান গাওয়ার সুযোগ হয়েছিল আমার। পরে ইনস্টিটিউটের প্রথম দিকের শিক্ষার্থী হিসাবে সংগীতচর্চা শুরু করি। সেখানে দেশের অনেক গুণী শিল্পী ও সংগীতজ্ঞের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি। নজরুল ইনস্টিটিউট শুধু গান শেখানোর প্রতিষ্ঠান নয়, এর সঙ্গে গবেষণা, নজরুলসংগীতের শুদ্ধ বাণী ও সুর নির্ধারণ এবং আদি রেকর্ড অনুসারে গান সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ জড়িত। একসময় ইনস্টিটিউটের প্রশিক্ষকরা শিক্ষার্থীদের বলতেন, নজরুল ইনস্টিটিউটের প্রকাশিত বইয়ে থাকা গানই প্রামাণ্য। আদি রেকর্ডের ভিত্তিতে গান শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। নজরুল ইনস্টিটিউটকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সরকারি কর্মকর্তাদের অনেক সময় শাস্তিমূলক বদলি হিসাবে নজরুল ইনস্টিটিউটে পাঠানো হয়-এমন ধারণা প্রচলিত রয়েছে। বিষয়টি একজন শিল্পী হিসাবে কষ্ট দেয়। যে প্রতিষ্ঠানের সঙ্গে দেশের জাতীয় কবি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশ্ন জড়িত, সেই প্রতিষ্ঠানকে এভাবে দেখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে নজরুলসংগীতের সঙ্গে যুক্ত শিল্পীদের যথাযথ মূল্যায়ন করা হয় না। অনেক ক্ষেত্রে সরকারি অনুষ্ঠানে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ শিল্পীদের পরিবর্তে অপেক্ষাকৃত নতুনদের সুযোগ দেওয়া হয়। এমনকি ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক পরিচয়ের কারণে শিল্পীদের কাজের সুযোগ বাধাগ্রস্ত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে। ‘শিল্পী একদিনে হয় না। শিল্পীকে দুর্বল বলা যায় না।’ সংগীতের বিভিন্ন ধারার শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিতে বৈষম্য রয়েছে। নজরুলসংগীতের শিল্পীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।
ইয়াসমিন মুশতারী
নজরুল-সংগীতশিল্পী
জাতীয় জীবনে নজরুলচর্চার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা গুণী ওস্তাদ ও সংগীতগুরুদের খুঁজে বের করতে হবে। গ্রামগঞ্জে এমন অনেক গুণী ওস্তাদ রয়েছেন, যারা অসাধারণ শিল্পী তৈরি করেছেন। অথচ অর্থের অভাবসহ নানা সংকটে তাদের অনেকেরই জীবন কষ্টে কাটছে, কেউ কেউ অবহেলা ও কষ্টের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু তাদের যথাযথ মূল্যায়ন বা স্বীকৃতির আওতায় আনা সম্ভব হয়নি। দেশের বিভিন্ন অঞ্চলে এখনো যেসব গুণী ওস্তাদ জীবিত আছেন, তাদের খুঁজে বের করে আর্থিক ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা প্রয়োজন। এতে তারা মনপ্রাণ দিয়ে নতুন প্রজন্মের শিল্পী তৈরি করতে পারবেন। বিশেষ করে নজরুলসংগীতের রাগাশ্রয়ী ধারা চর্চার জন্য দক্ষ ওস্তাদদের প্রয়োজন রয়েছে। যারা সত্যিকার অর্থে গান শেখাতে পারেন এবং সংগীতচর্চায় নিবেদিত, তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের বিশেষ নজর দেওয়া উচিত। জাতীয় জীবনে নজরুলচর্চাকে আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য যার যার অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা কামনা করি। রাষ্টীয়ভাবে এবং নানা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নজরুল সংগীত নিয়ে কাজ হতে পারে। দেশের সংস্কৃতির উন্নয়নে নজরুল চর্চার বিকল্প নাই। একটি সভ্য এবং সুস্থ সমাজ গঠনের জন্য নজরুল চর্চা করা খুবই জরুরী। আজকে এখানে মাননীয় প্রতিমন্ত্রী আছেন, এছাড়াও দেশের বিশিষ্ট লেখক এবং নজরুল গবেষকরা আছেন, আপনারা সবাই নজরুল চর্চা বাড়ানোর বিষয়ে অবশ্যই পরামর্শ দিবেন। সে মতো যদি আমরা এগিয়ে যেতে পারি তা সংস্কৃতির জন্য ভালো, দেশের জন্যও ভালও। দেশকে এগিয়ে নেয়ার জন্যই নজরুল চর্চা জরুরী। আজকের এই আয়োজন নজরুল চর্চার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে বলেই আমার বিশ্বাস।
রশিদুন নবী
লেখক ও নজরুল গবেষক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদাবোধ, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় সত্তাকে সমৃদ্ধ করে। নিয়মিত নজরুলচর্চা জাতীয় সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে। নজরুলের সৃষ্টিতে হিন্দু-মুসলিম সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও মানবিক ঐক্যের অনন্য আদর্শ প্রতিফলিত হয়েছে। শোষণ, বঞ্চনা, কুসংস্কার ও সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে তুলতে নজরুলচর্চার বিকল্প নেই। তার বিদ্রোহী ও স্বাধীনতাকামী সাহিত্যিক চেতনা বাঙালির সংগ্রামের আদর্শিক প্রেরণাকে ধারণ করে। সাম্য, ন্যায়বিচার, ভালোবাসা, সহমর্মিতা ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় নজরুলের সাহিত্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মীয় সংগীতসহ বিভিন্ন সৃষ্টির মধ্যদিয়ে তিনি বহুত্ববাদী সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সাহস, আত্মবিশ্বাস, কর্মপ্রেরণা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদার পক্ষে নজরুলের সৃষ্টিকর্ম আধুনিক সমাজচিন্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। ভাষা, ছন্দ, শব্দ প্রয়োগ, উপমা ও সংগীতের বৈচিত্র্যে নজরুল বাংলা সাহিত্য ও সংগীতের জগতে নতুন শিল্পমাত্রা যুক্ত করেছেন। নজরুলের যুক্তিবাদী, প্রতিবাদী ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি মানুষকে অন্ধবিশ্বাস ও বুদ্ধিবৃত্তিক স্থবিরতা থেকে মুক্ত হতে শেখায়। জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণির বিভেদ অতিক্রম করে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়নের শিক্ষা দেয় তার দর্শন। বাংলাদেশের নজরুলচর্চা শুধু একজন কবি ও সংগীতস্রষ্টার সৃষ্টিকর্ম সংরক্ষণের প্রয়াস নয়; বরং দ্রোহ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে আমাদের চেতনার উজ্জ্বলতম বাহক। সমাজে উৎপীড়িত মানুষের ক্রন্দন আজও থামেনি। তাই জাতীয় জীবনে যথাযথ নজরুলচর্চার মাধ্যমে তার আদর্শে উজ্জীবিত হয়ে প্রকৃত দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
নাসিম আহমেদ
লেখক ও আবৃত্তিকার
আমি একজন বাচিকশিল্পী, উচ্চারণ নিয়ে কাজ করি। এ কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে বাংলাদেশে নজরুল প্রচণ্ডভাবে অবহেলিত। নজরুলের সাহিত্য সবাই পড়ে না। নজরুলের কবিতা আবৃত্তি করা হয় না। তখন আমরা অনুভব করেছিলাম এটির একটি আলাদা পাঠ কৌশল জাতির কাছে তুলে দেওয়া দরকার আছে। তখন আমরা ২০১০ সালে ‘বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ’ গঠন করি। এটা তৈরির কারণে আমাদের খেসারত কম দিতে হয়নি। ২০২৪ সালে শুধু ফ্যাসিস্টবিরোধী আন্দোলনই হয়নি; এ আন্দোলনে আমরা সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলাম। শুধু শেখ হাসিনাকে বিতাড়িত করা কিন্তু আমাদের লক্ষ্য ছিল না। এটা কিন্তু সরকারকে বুঝতে হবে। গত ১৭ বছরে চলা নীতিতে চেঞ্জ আনতে হবে। সবাই মিলে নতুন করে শুরু করতে হবে। নইলে কিন্তু ‘আগেই ভালো ছিলাম’ এই একটা দর্শন চলে আসে। আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক যে ভিন্ন কাঠামো সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের স্বাধীন হয়ে ওঠার যে লড়াই, সে লড়াই কোনোদিন এগোবে না। আমরা রবীন্দ্র বলয় কিংবা কলকাতার চামচে চিনি খাব। সুতরাং নজরুলচর্চা আমাদের করতেই হবে।
অধ্যাপক ড. আনোয়ারুল হক
লেখক, নজরুল গবেষক
আমাদের স্কুল, কলেজ, আন্দোলন-সংগ্রামে নজরুল ইসলাম প্রসঙ্গিক। ৫২, ৬৬ ও ৭১ সালে নজরুলের গান ও কবিতা আমাদের অনুপ্রাণিত করেছে। ৯০ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান ও সরকার হটাও আন্দোলনে আমরা নজরুলকে পেয়েছি। নজরুল সবসময় আমাদের কাছে বা আমাদের সামনে উৎসকিত হয়েছেন। আমরা তাকে আবৃত্তি করেছি, তার ভেতরে সেই শক্তিটাকে আমরা নিজেদের মধ্যে অনুভব করেছি। সেই বাল্যকাল থেকে শুরু করে আজ ৭০ বছর বয়সেও নজরুলকে একইভাবে পাই। সাম্যের গান গাই-সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। নজরুল ইসলামের কবিতার লাইন উল্লেখ করে তিনি বলেন, নজরুল ইসলামের লেখা, কবিতা ও গান থেকে আমরা মানুষ হওয়ার শিক্ষাটা পেয়েছি। আমাদের মনে রাখতে হবে, সত্যিকারের মানুষ হতে হলে অবশ্যই আমাদের নজরুলের কাছে যেতে হবে। নজরুল ইসলাম আমাদের জীবনে অপরিহার্য। তিনি ছিলেন আগাগোড়া সংস্কারমুক্ত মানুষ। যে সংস্কার আমাদের মানুষকে মানুষ হিসেবে দেখার দৃষ্টি দেয় না কেউ সংস্কারকে তিনি পাশ কাটিয়ে গেছেন।
সালাউদ্দিন আহমেদ
নজরুলসংগীত শিল্পী
সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালোভাবে বিচরণ করতে সংস্কৃতির সব শাখাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ক্ষেত্রে যারা আলাদাভাবে চর্চা করেন, তাদের নিজস্ব অনুভূতি ও কাজ আমাদের সমৃদ্ধ করে। মূলত সংগীতের মানুষ হলেও সারা জীবন সাহিত্য ও কবিতা পড়ে বড় হয়েছি। দীর্ঘ ৪০ বছর ধরে নজরুলের সংগীত, সাহিত্য ও কবিতা চর্চার সঙ্গে যুক্ত থেকে দেখেছি, নজরুলকে যথাযথ গুরুত্ব দিয়ে আলোচনার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। নজরুলকে জাতীয় কবি ঘোষণার সরকারি প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন করতে হয়েছে। একইভাবে নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের ক্ষেত্রেও অসংগতি ছিল। আন্তর্জাতিক নজরুল সম্মেলনের প্রস্তুতিকালে নজরুলের আন্তর্জাতিকতা নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রসঙ্গ তোলা হয়েছিল। এ ধরনের অপ্রাসঙ্গিক আলোচনা নজরুলচর্চার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। শাস্ত্রীয় সংগীতে যা আছে, নজরুলসংগীতে তা সবই আছে। নজরুলসংগীতে যা নেই, শাস্ত্রীয় সংগীতেও তা নেই। শাস্ত্রীয় সংগীতের বিশাল ভান্ডার যেভাবে মানুষের সামনে উপস্থাপিত হয়েছে, নজরুলের সংগীতের বিশালত্ব সেভাবে তুলে ধরা হয়নি। সংগীতের প্রকৃত চর্চা করতে হলে নজরুলকে জানতে হবে। তার কাব্য ও সংগীতের স্বতন্ত্র বৈশিষ্ট্য বুঝতে হবে।
ড. মাহবুব হাসান
লেখক ও নজরুল গবেষক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শুধু ‘বিদ্রোহী কবি’ হিসাবে চিহ্নিত করা কিংবা তাকে প্রতীক বানিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীস্বার্থে ব্যবহার করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নজরুল শুধু একজন কবি নন-বরং আমাদের সমাজ, সংস্কৃতি, চৈতন্য ও মননগঠনের এক বিশাল ভিত্তি।
নজরুল ‘জাতীয় কবি’ নাকি ‘অজাতীয় কবি’-সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো তার কর্ম, তার চিন্তা, তার বাণীর শব্দমালা এবং আমাদের মননে ও পথচলায় তার সুদূরপ্রসারী প্রভাব। তার সৃষ্টি ও দর্শন সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলেই শুধু তাকে সত্যিকার অর্থে ধারণ করা সম্ভব। সংস্কৃতি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব নিয়ে নীতিনির্ধারকরা যদি দীর্ঘসময় ধরে দেশের সংস্কৃতি ও লোকশিল্প (যেমন-যাত্রা শিল্প) হারিয়ে যাওয়ার কারণ উপলব্ধি করতে ব্যর্থ হন-তবে তা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন সাহিত্য সাধনা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রবীণ ও অভিজ্ঞ মানুষদের মূল্যায়ন না করে এমন নেতৃত্ব টিকিয়ে রাখলে সংস্কৃতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
ড. রিজাউল ইসলাম
লেখক, গবেষক ও শিক্ষক
নজরুল জাতীয় জীবন কোনো একক ব্যক্তির জীবন নয়। তিনি একটি দেশের সব নাগরিকের সম্মিলিত অস্তিত্ব ও অগ্রযাত্রার প্রকাশ। এর সঙ্গে জাতীয়তা ও জাতীয়তাবাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। নজরুলের সামনে শুধু তার নিজের সময়কাল ছিল না; বরং প্রাচীনকাল থেকে শুরু করে সেন, মোগল, পাঠান, পর্তুগিজ ও ব্রিটিশ আমল পর্যন্ত বিভিন্ন শাসন ও সংস্কৃতির প্রভাব তিনি প্রত্যক্ষ করেছেন। সাংস্কৃতিক আগ্রাসনের মুখে নজরুল সব সংকীর্ণতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং ঔপনিবেশিক ও আধিপত্যবাদী মানসিকতাকে তার বিদ্রোহী পঙ্ক্তিতে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। অসহযোগ আন্দোলনের সময় কুমিল্লায় বসে পেনসিলে লেখা ‘বিদ্রোহী’ কবিতাই তাকে শতাব্দীর শ্রেষ্ঠ কবির মর্যাদায় ভূষিত করেছে।
নজরুল তার সাহিত্য শুধু সাম্যবাদী স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। অথচ আজ নজরুল চর্চা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বাণিজ্যিক স্বার্থে তাকে নানাভাবে ব্যবহার করা হলেও তার প্রকৃত দর্শন এখনো সমাজের সর্বস্তরে বাস্তবায়িত হয়নি। তা সত্ত্বেও ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে নজরুলকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। যা নজরুলচর্চাকে বিশ্বমানে উন্নীত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
এনাম আবেদীন
নির্বাহী সম্পাদক, দৈনিক যুগান্তর
জাতীয় জীবনে নজরুলচর্চার অপরিহার্যতা অনস্বীকার্য। কিন্তু প্রশ্ন হলো-আমরা কি আদতে কোনো সংস্কৃতিচর্চার মধ্যে আছি? আমরা স্কুলে প্রতিদিন জাতীয় সংগীতের পাশাপাশি নজরুলের রণসংগীত ‘চল্ চল্ চল্, ঊর্ধ্বগগনে বাজে মাদল’ বাধ্যতামূলকভাবে গাওয়া হতো। অথচ বর্তমান প্রজন্মের স্কুলগুলোয় এর কোনো চর্চা বা প্রচলন আছে বলে আমার জানা নেই। এমনকি নতুন প্রজন্ম নজরুলকে ঠিকমতো চেনেও না। ক্লাস ফাইভ পর্যন্ত গ্রামে পড়ার সময় দেখেছি-প্রতিটি স্কুলে এবং গ্রামে গ্রামে নিয়মিত নাটক ও যাত্রার প্রতিযোগিতা হতো। লক্ষণ দাসের যাত্রা বা স্থানীয় মঞ্চনাটক আমাদের সংস্কৃতির প্রাণ ছিল। আশি ও নব্বইয়ের দশকে মানুষের ঘরে ঘরে গান শোনার সংস্কৃতি ছিল-প্রথমে রেডিও, পরবর্তী সময়ে টুইন ক্যাসেট প্লেয়ার। পুরবী দত্ত কিংবা সোহরাব হোসেনের মতো শিল্পীদের গান আমরা তখন শুনেছি। অথচ এখনকার মানুষের মধ্যে সেই গান শোনার আগ্রহ বা পরিবেশ আর চোখে পড়ে না। গ্রামাঞ্চলে নাটক ও যাত্রার প্রতিযোগিতাও হয় না। একটি সুস্থ সমাজের প্রথম শর্ত সুস্থ সংস্কৃতিচর্চা। আমাদের বড় বড় লেখক সাহিত্যিক এবং সাংস্কৃতিক মনীষা আছেন, কিন্তু সমাজের স্বার্থে তাদের দর্শনের পর্যাপ্ত চর্চা আমরা করছি না। আমরা যদি রাষ্ট্রের উন্নয়ন চাই, তাহলে প্রথমেই সাংস্কৃতিমান জনগোষ্ঠী তৈরির কাজটি এগিয়ে নিতে হবে।
মাওলা প্রিন্স
গবেষক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়
আমি মনে করি আয়োজনের মূল উপজীব্য প্রধানমন্ত্রী কর্তৃক ‘নজরুলবর্ষ’ ঘোষণা। এ ঘোষণায় আমাদের সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে। তাই নজরুলবর্ষে প্রত্যাশিত আয়োজন নিয়ে কিছু হতাশা থাকলেও-এ উপলক্ষ্যকে কেন্দ্র করে অনেকেই প্রবন্ধ লিখছেন, আলোচনা করছেন এবং নজরুলকে নিয়ে সময় দিচ্ছেন। এটাই বা কম কী? যারা নজরুলকে ধারণ করেন-তারা মূলত ব্যক্তিগত উদ্যোগেই তা করেন। আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে কিছু হতাশা থাকলেও, সময়ের পরিবর্তনে আমাদের মানসিকতা বদলাবে এবং সত্যিকার অর্থে সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিবেশ গড়ে উঠবে-এমনটাই বিশ্বাস করি। জাতীয় কবি আইনি স্বীকৃতি বা আমলাতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নজরুল যে আমাদের জাতীয় কবি-এ নিয়ে কারোর মনেই কখনো কোনো সংশয় ছিল না। এ আইনি স্বীকৃতির পেছনে রয়েছে দীর্ঘ শ্রম ও নেপথ্য ইতিহাস। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন-২০০৬ সালের ৯ মে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে নজরুলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়েছিল। আজকে নজরুলের জাতীয় কবি বিষয়ের গেজেট হওয়া নিয়ে আমরা আলোচনা শুনেছি। গেজেট হয়েছে এটা অবশ্যই বড় ব্যাপার, কিন্ত সঠিকভাবে নজরুলচর্চা হওয়াটাই আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার। নজরুলের সাহিত্য, তার গান এবং জীবনদর্শন আমাদের জাতীয় সম্পদ। আমরা সেই সম্পদের ব্যবহার করতে শিখতে হবে। আমদের নজরুলচর্চা বাড়াতে হবে। যত নজরুলচর্চা হবে, আমরা তত দেশপ্রেমিক হব।
হুসাইন আলমগীর
কবি ও যুগ্মসচিব
১৯২৯ সালে কলকাতার অ্যালবার্ট হলে সুভাষ চন্দ্র বসু কাজী নজরুল ইসলামকে ভারত বাংলার জাতীয় কবি ঘোষণা করেন। সেই থেকে কাজী নজরুল ইসলাম মানুষের মুখে মুখে জাতীয় কবি হিসাবে পরিচিতি লাভ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে কবিকে বাংলাদেশে আনা হলেও রাষ্ট্রীয়ভাবে তাকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়নি। অথচ সবখানেই তাকে জাতীয় কবি হিসাবে উদ্ধৃত করা হয়। ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন এবং একুশে পদকে ভূষিত করেন। স্বাধীনতার পঞ্চান্নটি বছর কেটে গেল, জাতীয় কবির রাষ্ট্রীয় আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া গেল না। অবশেষে ২০২৪-এর ছাত্রজনতার অভ্যুত্থানের পর এ অধমের নাছোড় প্রয়াসে ২৪ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদিত হয় এবং চব্বিশ ডিসেম্বর প্রস্তাবটি গেজেট আকারে প্রকাশিত হয়। এখানে বলে রাখা ভালো, উপদেষ্টা পরিষদে ২টি বিষয় উপস্থাপন করা হয়েছিল- ১. জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ ২. জাতীয় কবি হিসাবে কবির নাম সংবিধানের প্রথম ভাগে, ৪ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয় প্রস্তবটি উপদেষ্টা পরিষদে অনুমোদন না দিয়ে সংবিধান সংশোধন কমিটিতে পেশ করার জন্য বলা হয়, যা অদ্যাবধি হয়নি। এখন সরকারের কাছে আমাদের দাবি থাকবে- ১. জাতীয় কবির নাম সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, ২. জাতীয় কবির সমাধিতে (বর্তমান গেট অপসারণ করে সেখানে) কবির টেরাকোটাসহ মানসম্মত তোরণ নির্মাণ করতে হবে, ৩ জাতীয় কবির অবস্থান ও মর্যাদা সমুন্নত করতে হবে এবং ৪. নতুন প্রজন্মের সম্মুখে কবিকে তুলে ধরার ব্যবস্থা নিতে হবে।
রেজাউল করিম রনি
লেখক, চিন্তক ও মিডিয়া ব্যক্তিত্ব
বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি দীর্ঘকাল ধরেই একমুখী প্রভাবের অধীনে পরিচালিত হয়ে আসছে। একে একটি ‘সাবলেট কলোনি’ বা দিল্লির ও কলকাতার সাংস্কৃতিক উপনিবেশ হিসাবে টিকিয়ে রাখার যে প্রবণতা ষাটের দশক থেকে চলে আসছে, বিগত ফ্যাসিবাদের আমলে তা এক ধরনের সাংস্কৃতিক ফ্যাসিজমে রূপ নেয়। শাহবাগের কৃত্রিম জনজাগরণ এবং একপেশে জাতীয়তাবাদী বয়ানের মাধ্যমে এ দেশের মূলধারার বুদ্ধিজীবী সমাজের একটি বড় অংশ সেই ফ্যাসিবাদী ক্ষমতাকে নানাভাবে শক্তিশালী করেছিল। প্রতিষ্ঠানের দালাল হিসাবে ক্ষমতার কাছাকাছি থাকার মোহে এ দেশের কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বারবার জাতির সঙ্গে আপস করেছেন এবং অ্যান্টিন্যাশন কার্যক্রমে যুক্ত থেকেছেন। পক্ষান্তরে, দেশের প্রকৃত সংকট উত্তরণে সবসময় এগিয়ে এসেছে এ দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনতা ও ছাত্রসমাজ। আমাদের মূল সমস্যা ছিল একটি শক্তিশালী কাউন্টার কালচার বা বিকল্প সাংস্কৃতিক ধারা নির্মাণে ব্যর্থ হওয়া। সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে কবি কাজী নজরুল ইসলাম আমাদের অন্যতম প্রধান হাতিয়ার। অথচ আজ অবধি পরিকল্পিতভাবে একটি পূর্ণাঙ্গ ‘নজরুল পাঠ’ বা রিডিং তৈরি করা সম্ভব হয়নি। নজরুল ও রবীন্দ্রনাথকে প্রতিপক্ষ বা বাইনারির ফ্রেমে বন্দি করে জাতীয় প্রতিভাকে খণ্ডিত করা হয়েছে। নজরুলকে কখনো হিন্দুত্ববাদী বয়ান আবার কখনো মুসলিম সেন্টিমেন্টের সংকীর্ণ চৌহদ্দিতে বন্দি করা হয়েছে। কবির যে নিজস্ব ‘প্রাণধর্ম’, সৃজনশীলতার বেদনা এবং কৃষক-শ্রমিক তথা সাধারণ মানুষের প্রতি যে আপসহীন কমিটমেন্ট ছিল, তার প্রকৃত এসেন্স বা নির্যাস ধরতে না পেরে আমরা তাকে নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছি।
লতিফুল ইসলাম শিবলী
লেখক ও সাবেক নির্বাহী পরিচালক, নজরুল ইনস্টিটিউট
নজরুল ইনস্টিটিউটে যোগদানের প্রথম দিনেই জানতে পারি-এতদিন কাজী নজরুল ইসলাম শুধু মুখে মুখে জাতীয় কবি। তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি বা গেজেট ছিল না। আমি জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি ও গেজেটভুক্তকরণই ঘোষণা দিয়েছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক থাকায় মাত্র তিন মাসের মধ্যে ক্যাবিনেটে এটি পাশ করিয়ে এ ঐতিহাসিক কাজটি সম্পন্ন করি। নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রায় ৪৫ বছর পেরিয়ে গেলেও নজরুলের কোনো মানসম্মত অনুবাদ না থাকায়, একটি প্রমিত ইংরেজি অনুবাদ সংকলন তৈরি করা। প্রথম অগ্রাধিকার বাস্তবায়নের পর আমার দ্বিতীয় লক্ষ্য ছিল এটি। বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বিদেশি অতিথিদের যে উপহার দেওয়া হয়-তা আমার প্রতিষ্ঠানের সংকলন।
নজরুল নিয়ে অতীতে প্রচুর অনুষ্ঠান, গান ও আবৃত্তি হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ভিত্তি ছাড়া এসবের স্থায়ী কোনো সুফল মেলে না। বর্তমানে মাত্র ৩০ জন জনবল নিয়ে চলা নজরুল ইনস্টিটিউটের বার্ষিক বাজেট সাড়ে চার কোটি টাকা। যার সিংহভাগই চলে যায় বেতন-ভাতায়। এই সীমিত সামর্থ্য দিয়ে গবেষণামূলক বা প্রাতিষ্ঠানিক চর্চা চালিয়ে যাওয়া কঠিন।
অতীতে নজরুল ইনস্টিটিউটকে পাশ কাটিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হতো। যেখানে ফ্যাসিস্টদের দোসরদের প্রবেশ করিয়ে নজরুলকে আমাদের প্রধানতম ও চেতনার কবি হিসাবে হাইলাইট করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। একটি কুচক্রী মহলের দীর্ঘ অপচেষ্টা ছিল-রবীন্দ্রনাথকে বড় করার অজুহাতে নজরুলকে কোণঠাসা বা ছোট করে রাখা। যা আওয়ামী লীগ আমলেও ব্যাপকভাবে কার্যকর ছিল। বহুবার ক্যাবিনেটে জাতীয় কবির স্বীকৃতির ফাইল তোলার সুযোগ থাকলেও তা এড়িয়ে যাওয়া হয়েছিল।
গোলটেবিল
প্রধান অতিথি
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
সভাপতি
আবদুল হাই শিকদার
সম্পাদক, দৈনিক যুগান্তর
আলোচক
সলিমুল্লাহ খান
গবেষক, শিক্ষক
ফেরদৌস আরা
নজরুল-সংগীতশিল্পী
অধ্যাপক ড. আনোয়ারুল হক
লেখক ও নজরুল গবেষক
রশিদুন নবী
লেখক ও নজরুল গবেষক
ড. মাহবুব হাসান
লেখক ও নজরুল গবেষক
ইয়াসমিন মুশতারী
নজরুল-সংগীতশিল্পী
ড. রিজাউল ইসলাম
লেখক, গবেষক ও শিক্ষক
এনাম আবেদীন
নির্বাহী সম্পাদক, দৈনিক যুগান্তর
সালাউদ্দিন আহমেদ
নজরুল-সংগীতশিল্পী
নাসিম আহমেদ
লেখক ও আবৃত্তিকার
হুসাইন আলমগীর
লেখক ও যুগ্মসচিব
মাওলা প্রিন্স
লেখক, গবেষক ও শিক্ষক
লতিফুল ইসলাম শিবলী
লেখক ও সাবেক নির্বাহী পরিচালক নজরুল ইনস্টিটিউট
রেজাউল করিম রনি
লেখক, চিন্তক ও মিডিয়া ব্যক্তিত্ব
মোহাম্মদ জসিম উদ্দিন
লেখক, গবেষক ও শিক্ষক
উপস্থাপনা
জুননু রাইন
সহকারী সম্পাদক
দৈনিক যুগান্তর
