|
ফলো করুন |
|
|---|---|
পথ ভুলে এসেছি বলেই হয়তো
অবহেলা হেনস্তা এমন
ভুল করে ভালোবাসলে
এরকমই দণ্ড দিতে হয়
ভুলের বাগানে কেন ভরে আছে
মানুষের অধিকৃত মৃত্তিকা বসুধা
ভ্রমের বশত ফুল ফুটেই চলেছে
কাঁটায় ভরাট দেহ, সুগন্ধ উধাও
ঘুরে মরছি একজন্ম গোলকধাঁধায়
কোনটা সঠিক ফুল ভদ্র ও কোমল
শনাক্ত করার শক্তি উবে গেছে
উড়ন্ত কর্পূরধর্মে বেলাভূমে পড়ে আছি
আহত নির্জন একা পারম্পর্যহীন,
এমন দুঃখের গর্ব যে করে সে দুর্ভাগা বড়ই
ভুল পথে ভালোবাসা কোন্ দুঃখে নোঙর করেছে
সেই সত্য উদঘাটন করা সুকঠিন
আগে এই উপলব্ধি হলে পরে জানে বাঁচতাম!
