মুরাদনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল ঘাতককে এলাকাবাসী আটকের পর পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাসেল মিয়া একই গ্রামের রবি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাসেল ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। পরে শিশুটির চিৎকার থামাতে একপর্যায়ে গলা টিপে হত্যা করা হয়। তার হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশেই পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে লাশ ফেলে দেওয়া হয়।
শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় রাসেলও তাদের সঙ্গে শিশুটিকে খুঁজতে থাকে এবং এলাকায় মাইকিং করার পরামর্শ দেয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শিশুর দাদি ও পরিবার সূত্রে জানা যায়, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, এ ঘটনায় মূল ঘাতককে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
