‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে কোল থেকে নবজাতক ছিনতাই
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছড়িয়ে কোল থেকে একটি নবজাতক ছিনতাই করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক মায়ের কাছ থেকে বৃহস্পতিবার তার নবজাতক ছিনিয়ে নেওয়া হয়। শুক্রবার এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মনিরুজ্জামান। ভুক্তভোগী আকলিমা আক্তার বিনাইপাড় গ্রামের সোনা মিয়ার বাড়ির কামাল হোসেনের স্ত্রী।
আকলিমার ভাই শাহনুর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ২৭ দিন বয়সি নবজাতক আফসাকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আকলিমা। এ সময় সেখানে বসে থাকা দুই থেকে তিনজন লোক বলেন, ‘এখানে ভালো ডাক্তার নেই। ভালো ডাক্তার দেখাতে হলে আমাদের সঙ্গে আসুন।’ হাসপাতাল থেকে বের করে মহাসড়কে এনে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে আকলিমাকে অজ্ঞান করে শিশুটিকে ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে বিকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সংলগ্ন সাবের বাজার এলাকায় আকলিমাকে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেন স্থানীয়রা। পুলিশ এসে আকলিমাকে উদ্ধার করে। এ ঘটনায় নবজাতকের বাবা কামাল দেবিদ্বার থানায় দুই থেকে তিনজনকে আসামি করে অপহরণ মামলা করেন।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে অপহৃত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ওই নারীকে উদ্ধার করা গেলেও শিশুটিকে এখনো পাওয়া যায়নি।
