শিশুকে শ্বাসনালি কেটে হত্যা
আদালতে স্বীকারোক্তি ঘাতকের
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ বছরের শিশু জান্নাতুল নাঈমা ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ঘাতক বাবু শেখ। শিশুটির বাবার সঙ্গে বিরোধ ও ধর্ষণে ব্যর্থ হয়ে গলায় আঘাত করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সায়মা আফরিনের আদালতে এ জবানবন্দি দেয় ঘাতক। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, শিশুর গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কেটে ফেলাসহ পুরো ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বাবু শেখ। এ ঘটনায় একমাত্র আসামি সে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয় এবং ওই দিনই শিশুটির গলায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার জানিয়েছেন, শিশুটির পরিবার ও বাবু শেখের পরিবার প্রতিবেশী। পাশাপাশি থাকার কারণে তাদের মধ্যে প্রায় বিরোধ লেগে থাকত। কোনো একটা বিষয়কে কেন্দ্র করে শিশুটিকে হত্যার পরিকল্পনা করে বাবু শেখ। এরপর রোববার শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে।
