ঈদগাহর কমিটি নিয়ে দ্বন্দ্ব
পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
Advertisement
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পরে দলীয় অফিস ভাঙচুর করা হয়। আহতরা হলেন-রাহান, খায়রুল, আনিসুর, খোরশেদ, জয়, ভুট্টু প্রমুখ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বেলপুকুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ এবং একই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোমিনের মধ্যে বাঁশপুকুরিয়া দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের কমিটি গঠন করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বাঁশপুকুরিয়া বাজারে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে মোমিন সমর্থকরা বাজারে এসে ওয়াহিদকে না পেয়ে তার ভাতিজা আনিসুর রহমানের দোকানে ভাঙচুর চালান। ওয়াহিদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিএনপি নেতা ওয়াহিদ বলেন, ঈদগাহের আগের কমিটি বাতিল না করে আবার কমিটি গঠন করা নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার বিএনপি অফিসে মোমিনের লোকজন হামলা চালায়।
বিএনপি নেতা মোমিন বলেন, খোরশেদ এবং জয়কে ওয়াহিদের লোকজন কুপিয়ে জখম করেছে। সেই সময়ে খোরশেদ এবং জয়ের স্বজনরা উত্তেজিত হয়ে অফিসে ভাঙচুর চালায়। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন বলেন, দুই পক্ষ থানায় অভিযোগ করেছে।
