ওসমানীনগরে সালিশে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
Advertisement
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের ওসমানীনগরে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে আব্দুস সামাদ নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার উছমানপুর ইউনিয়নের কিত্তে কমরপুরে (সিকন্দরপুর) ঘটনাটি ঘটে। নিহত সামাদ ওই গ্রামের আব্দুল খালিকের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটকরা হলেন-কিত্তে কমরপুরের (সিকন্দরপুর) রহিম উল্যার ছেলে রফিক মিয়া, শফিক মিয়া, আব্দুল কাহির, আব্দুস সত্তার, আব্দুল কাহিরের দুই ছেলে আব্দুস সামাদ রাহিল ও জাবেদ মিয়া। পুলিশ জানায়, কিত্তে কমরপুরের রফিক মিয়া পক্ষের সঙ্গে আব্দুস সামাদের পরিবারের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর রফিক মিয়ার বাড়ির পাশের রাস্তা দিয়ে সামাদের পরিবারের লোকজন যাতায়াতকালে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়। শুক্রবার রাত সাড়ে ১০টায় কিত্তে কমরপুরে মাসুক মিয়ার বাড়িতে সালিশ বসে। সালিশে রাত ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে রফিক মিয়ার পক্ষের লোকদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সামাদসহ উপয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহত আব্দুস সামাদকে বালাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
