ফরিদপুরে যুবদল নেতাকে হাতুড়িপেটা হাসপাতালে ভর্তি
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। পরে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীরের স্বজনরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে পাঞ্জু মেম্বার, সজীব, সুজন গংদের সঙ্গে বিরোধ চলছিল বদর উদ্দিন বেপারীর। স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বদর উদ্দিন বেপারীর ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়ি ফিরছিলেন। এ সময় পাঞ্জু মেম্বারের নেতৃত্বে সজীব, তামীম, সোহানসহ অজ্ঞাত আরও ৪-৫ জন রড, হাতুড়ি, রামদা নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। হামলায় জাহাঙ্গীর গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় জাহাঙ্গীরের কাছে থাকা দোকানের সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত জাহাঙ্গীরকে মৃত ভেবে হামলাকারীরা ফেলে রাখে। পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জাহাঙ্গীর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে পাঞ্জু বেপারীর ভাই হেলালুদ্দিন জানান, আমাদের জায়গা জোরপূর্বক দখলে নিতে গেলে তাদের বাধা প্রদান করা হয়। এ নিয়ে আমার ভাইকে মারধর করলে পরবর্তীতে মারামারি হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
