স্কুলের টিফিন নিয়ে দ্বন্দ্ব
বাকেরগঞ্জে দপ্তরির মারধরে হাসপাতালে অভিভাবক
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাকেরগঞ্জে রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনসংক্রান্ত বিরোধের জেরে এক নারী অভিভাবককে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। উপজেলার দুধল ইউনিয়নের ৩৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও তার সহযোগীদের হামলায় আহত সালেহা বেগম নামে ওই নারী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক রমজান মাসে টিফিন না পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে স্কুলটির দপ্তরি শফিক মোল্লার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে এ ঘটনার জেরে শফিক মোল্লার নেতৃত্বে সুমা বেগম, সিরাজ মোল্লা, হযরত আলী, কুদ্দুস মোল্লাসহ কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। আহত সালেহা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর স্বামী রাসেল মোল্লা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় অভিযুক্ত দপ্তরির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।
