দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার আদমদীঘিতে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী রিমু বানুকে (১৯) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার পৌরসভার শান্তিনগর এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক পলাতক রয়েছেন। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মান্নান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সাদ্দাম মাস তিনেক আগে রিমু বানুকে বিয়ে করেন। বিয়ের পর বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও শাশুড়িকে রাখেন। তিনি মাঝে মাঝে দ্বিতীয় স্ত্রীর কাছে আসা-যাওয়া করতেন। সোমবার দুপুরে সাদ্দাম দ্বিতীয় স্ত্রীর কাছে আসেন। তাদের ঘরের দরজা বন্ধ ছিল। পাশের ঘরে শাশুড়ি ছিলেন। কিছুক্ষণ পর সাদ্দাম ঘর থেকে বের হয়ে শাশুড়িকে জানান, রিমু ঘুমিয়ে আছে তাকে ডাকবেন না। শাশুড়ির সন্দেহ হলে তিনি প্রায় ১০ মিনিট পর ঘরের ভেতরে গিয়ে দেখেন, খাটে রিমুর লাশ পড়ে আছে। সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।
পুলিশের এসআই আবদুল মান্নান জানান, রিমুর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করছেন, রিমুকে শ্বাসরোধে হত্যা করে স্বামী সাদ্দাম পালিয়ে গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আপাতত থানায় অপমৃত্যুও মামলা হয়েছে।
