চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, সিগারেটের ছ্যাঁকা
Advertisement
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের দক্ষিণ মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিত এক শিশুর নাম মুজাহিদ হোসেন (৯)। সে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস সহিদের ছেলে। অপর শিশুর নাম জিহান হোসেন (১২)। সে ভবানীগঞ্জে চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে।
জানা যায়, মনির হোসেন নামে এক ব্যক্তির জেলা শহরের মার্কাস মসজিদ এলাকায় মুদি দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার দোকান থেকে ৮০০ টাকা চুরি হয়। ওই টাকা চুরির অভিযোগে মুজাহিদ হোসেন ও জিহান হোসেনকে ধরে বেদম মারধর করেন মনির হোসেন ও তার লোকজন। পরে হাত বেঁধে আবার শিশু দুটিকে নির্যাতন করা হয়। একপর্যায়ে জিহান হোসেনের মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। পাশাপাশি দুই শিশুর অভিভাবকদের খবর দেন মনির হোসেন। অভিভাবকরা আসলে জোর করে তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দুই শিশুকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর দুই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, অন্যায়ভাবে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। তারা চুরির সঙ্গে জড়িত নয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
জানতে চাইলে মুদি দোকানি মনির হোসেন বলেন, আমার দোকানের ক্যাশ থেকে ৮০০ টাকা চুরি করেছে তারা। বিষয়টি স্বীকারও করেছে। আর হাত বেঁধে নয়, একটি থাপ্পড় দিয়েছি। এর বেশি কিছু নয়। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া এক শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকাও রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, চুরি করলে প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু আইন নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
