মদনে একই পরিবারের ছয়জনকে পুড়িয়ে হত্যাচেষ্টা
Advertisement
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদনে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কাঙ্গাল মিয়ার ছেলে সহিনুর মিয়ার বিরুদ্ধে। শনিবার গভীর রাতে উপজেলার রামদাসখিলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সহিনুর মাদকাসক্ত বলে জানা যায়। অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, রামদাসখিলা গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান মৃত আলী হায়দারের ছেলে মনু মিয়া। রাতে তার পরিবারের ছয় সদস্য বসতঘরে ঘুমিয়ে পড়েন। আনুমানিক আড়াইটার দিকে কৌশলে সহিনুরসহ আরও একজন তার বসতঘরে প্রবেশ করে। পরে তারা কেরোসিন ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। মনু মিয়ার ছেলে মোস্তাকিন আগুন দেখে চিৎকার শুরু করে। এ সময় ঘরের মধ্যে সহিনুরকে দেখতে পায় সে। ছয়জন চিৎকার শুরু করলে সহিনুর পালিয়ে যায়। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় সহিনুর ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ পরিবারটির।
রোববার সকালে পদেরকোনা, রামদাসখিলা ও ঘাটুয়া গ্রামের লোকজন বৈঠকে বসে। বৈঠকে সহিনুর হত্যার উদ্দেশ্যে এমন কাজ করেছে বলে সিদ্ধান্ত হয়। তবে সে অভিযোগ অস্বীকার করে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়ে বৈঠক ছেড়ে চলে যায়। মনু মিয়াকে থানায় মামলা করার জন্য বলা হয়। মনু মিয়ার ছেলে মোস্তাকিন জানায়, ঘরের ভেতর আগুন দেখে চিৎকার দিলে সহিনুর কাকাকে দেখতে পাই। সে আমার বুকে লাথি মেরে পালিয়ে যায়। গ্রামের মাতব্বর আল আমিন জানান, ঘটনার খবর পেয়ে রাতেই আমরা এসেছিলাম। বিষয়টি খুবই দুঃখজনক। এ নিয়ে আমরা তিন গ্রামের লোকজন বসেছিলাম। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
