চুয়েট ছাত্রদল সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
Advertisement
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্রদলের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতি ওয়াসিফ রাশেদের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ভুক্তভোগী চুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আগের দিন সোমবার চুয়েটের প্রধান ফটকে চুয়েট ছাত্রদলের পক্ষ থেকে একটি ব্যানার টাঙাচ্ছিলেন সংগঠনটির কয়েকজন নেতাকর্মী। সে সময় ভুক্তভোগী শিক্ষার্থী টিউশন থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসে ছাত্রদলের নামে রাজনৈতিক ব্যানার দেখে তিনি দাঁড়িয়ে যান ও ব্যানার টাঙানো সম্পন্ন হলে ছবি তোলার ইচ্ছা পোষণ করেন।
এ ব্যাপারে অন্য নেতাকর্মীরা দ্বিমত না করলেও ওয়াসিফ রাশেদ তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। একপর্যায়ে তিনি তাকে গালাগাল করতে থাকেন ও তার কলার চেপে ধরেন। ব্যানার লাগানোর জন্যে তাকে জোরাজুরি করতে থাকেন। থাপ্পড় দেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, যখন আমাকে কলার ধরে ব্যানার লাগাতে বলা হয় তখন আমি বলি এই কাজটা না করানো হয়। পরিস্থিতি খারাপ দেখে উপস্থিত অন্যরা আমাকে সরিয়ে নিয়ে আসেন।
হলে চলে এলেও ঘটনাটি আমার মনের ওপর বাজেভাবে প্রভাব ফেলে। এ ব্যাপারে অভিযুক্ত ওয়াসিফ রাশেদ অসুস্থতার অজুহাতে কথা বলেননি।
এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেন এবং বিবৃতির মাধ্যমে এ ঘটনার নিন্দা ও দোষীর শাস্তির দাবি তোলেন। তারা বলেন, যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতিই নিষিদ্ধ সেখানে একটি রাজনৈতিক দলের নেতার এই আচরণ অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ ব্যাপারে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুক্তার হোসাইন বলেন, আমরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করব ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
