নাজিরপুরে ডাকাতির চেষ্টা
সংঘর্ষে এক ডাকাত নিহত, গৃহকর্তা ও ছেলে আহত
Advertisement
পিরোজপুর ও নাজিরপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে শনিবার রাতে ডাকাতির চেষ্টাকালে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাফ বাহাদুর। নিহত ডাকাতের নাম দুলাল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল স্থানীয় উজ্জ্বল বাহাদুরের বাড়ির সুপারি গাছ বেয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা গৃহকর্তাকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসেন। তখন ডাকাত দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডাকাত দুলালকে মৃত ঘোষণা করেন। গৃহকর্তা ও তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দুলাল বরিশাল জেলার হিজলা উপজেলার একতাবাজার এলাকার মজিবর রাড়ীর ছেলে। পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক। ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ডাকাতরা তার বাড়িতে হানা দিয়েছিল। তবে গৃহকর্তার পরিবারের প্রতিরোধের মুখে সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, পিরোজপুর) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
