গ্রেফতার তিন
নবীনগরে বাজার দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
Advertisement
নবীনগর দক্ষিণ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে একটি দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি, তার ভাই শফিকুল ইসলাম, তুহিন ও রুবেল, বাঙ্গরা বাজার কমিটির সভাপতি শামীম, তার ছেলে শান্ত এবং মিজানুর রহমান মজনু রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ববিরোধ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে চেয়ারম্যান রবিউল আওয়াল রবির পক্ষ এবং সাবেক যুবদল নেতা কাউছার আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, বাঙ্গরা বাজারের একটি খালি জায়গায় দোকানঘর নির্মাণ করতে গেলে চেয়ারম্যানের ভাই শফিকুল ইসলামকে বাধা দেন প্রতিপক্ষের লোকজন। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিপক্ষের লোকজন ‘মব’ সৃষ্টি করে চেয়ারম্যান ও তার ভাইদের মারধর করে একটি স্থানে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৌশলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ চেয়ারম্যান রবি এবং তার দুই ভাই রুবেল মিয়া ও পলাশ মিয়াকে গ্রেফতার করে।
যুবদল নেতা কাউছার আলম ব্যস্ততার কথা বলে মন্তব্য করতে অপারগতা জানান। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঙ্গরা বাজারসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
