Logo
Logo
×
   

Advertisement

খবর

চাঁদা দাবির অভিযোগে বরকলে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাঙামাটির বরকল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলামসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ১৯ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের হরিণাবাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক। মামলার অপর আসামি উপজেলার একই এলাকার মো. আজিমুদ্দিনের ছেলে মো. নুর হোসেন। এদিকে মোজাম্মেল বুধবার জীবনের নিরাপত্তা চেয়ে বরকল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

রবিউল ইসলাম দক্ষিণ এরাবুনিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি মোজাম্মেল হকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন বাদীর কাছে অন্যায় ও অনৈতিক দাবি করছিলেন। বাদী তা প্রত্যাখ্যান করায় আসামিরা নানাভাবে বাদীর ব্যবসায়িক সুনাম ও পারিবারিক মানসম্মান ক্ষুণ্ন করে হুমকি-ধমকি দেন। আসামি রবিউল ও নুর হোসেন নিজেদের ফেসবুক আইডি থেকে বাদীর নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর পোস্ট দিয়ে অপপ্রচার করতে থাকেন। বিষয়টি নিয়ে বাদী আসামিদের সঙ্গে যোগাযোগ করে কারণ জানতে চাইলে তারা জানান, ১০ লাখ টাকা চাঁদা না দিলে আরও ফেসবুক আইডি খুলে পোস্ট করা হবে।

এদিকে মামলার বিষয়টি জানার পর আসামিরা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন মোজাম্মেল। তিনি নিরাপত্তা চেয়ে বুধবার বরকল থানায় সাধারণ ডায়েরি করেছেন। অপরদিকে বারবার কল দিয়েও সংযোগ না পাওয়ায় আসামিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম