একই পরিবারের ৪ জনকে হত্যা
ভগিনীপতির বাড়িতে আগুন দিল গ্রামবাসী
Advertisement
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যায় জড়িত আব্দুস সামাদ নামের একজনের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুস সামাদ নিহত হাবিবুর রহমানের ভগিনীপতি। হাবিবুর, তার স্ত্রী ও তাদের দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আব্দুস সামাদ ও তার ছেলে সবুজ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সামাদ ও তার ছেলে সবুজ রানা (হাবিবুরের ভাগিনা) সোমবার মধ্যরাতে হাবিবুর, তার স্ত্রী পপি সুলতানা, ৯ বছর বয়সি ছেলে পারভেজ হোসেন ও ৩ বছর বয়সি মেয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করে। পুলিশের কাছে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছেন।
দায় স্বীকারের ঘটনা জানাজানি হলে বুধবার সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী আব্দুস সামাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসময় ওই বাড়িতে কেউ ছিল না। আগুনে মাটি ও টিনের চালার একতলা বাড়িটির ঘরের ভেতরের আশবাবপত্র পুড়ে গেছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে গ্রেফতার ব্যক্তিরা জড়িত থাকার বিষয়টি এলাকাবাসী জানতে পারলে উত্তেজিত হয়ে তারা ঘাতকের বাড়িতে আগুন দিয়েছে। ঘটনাটি জানার পর পুলিশের একটি দল পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাহাদাত জানান, বুধবার তারা ঘটনাস্থলে যান এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাড়ির প্রাচীর ও ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ওসি জানান, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
