৬ পুলিশ সদস্য আহত
চৌদ্দগ্রামে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে নিহত ১
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। তার নাম বশির উদ্দিন। পেশায় নির্মাণ শ্রমিক। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। বশির পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখীল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এদিকে ওই শ্রমিকের মৃত্যুর খবরে এলাকায় ফের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন পুলিশের ৬ সদস্য।
২১ এপ্রিল পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামে মাদক ব্যবসা নিয়ে আবু রশিদ ও একই এলাকার নাদির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন বশির। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থা সোমবার রাতে তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় পৃথক মামলা করেছে।
মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা আবু রশিদের দুটি বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত ৬ পুলিশ সদস্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন।
