ভৈরবে আম পাড়া নিয়ে সংঘর্ষ আহত ৩০
Advertisement
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষ দা, বল্লম, টেঁটা, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগরের নবাবের বাড়ির বংশের সঙ্গে একই এলাকার ফর্সার বাড়ির বংশের লোকদের এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। তাদের মধ্যে ২৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নবাবের বাড়ির বংশের সঙ্গে একই এলাকার ফর্সার বাড়ির বংশের লোকদের দ্বন্দ্ব চলছিল। রোববার বিকালে ফর্সার বাড়ির আয়তুল মিয়ার আম গাছে ঢিল দেয় নবাবের বাড়ির বিজয় মিয়া ও শাওনসহ তার সহপাঠীরা। এ সময় গাছের মালিক আয়তুলের ছেলে মোখলেস মিয়া বাধা দিলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করলেও দুদিন ধরে উত্তেজনা চলে। মঙ্গলবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নবাবের বাড়ির তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার সকালে ফর্সার বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমরা তা প্রতিহত করতে গেলে সংঘর্ষের রূপ নেয়। আমাদের পক্ষের টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
ফর্সার বাড়ির ফুল মিয়া বলেন, তারা আম চুরি করে আবার উলটো আমাদের বাড়ির দুই যুবককে মারধর করেছে। মঙ্গলবার সকালে নবাবের বাড়ির লোকজন আমাদের গালাগাল করলে সংঘর্ষের সৃষ্টি হয়।
