মাগুরায় বন্ধুর হাতে বন্ধু খুন
Advertisement
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরায় রবিউল ইসলাম নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু শাহিদুল ইসলামের বিরুদ্ধে। পুলিশ নিহতের গলাকাটা লাশ ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার করেছে। রবিউল মহম্মদপুরের সিন্দাইন গ্রামের গোলাম সারোয়ারের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে রবিউলকে তার বন্ধু একই গ্রামের হাফেজ মোল্যার ছেলে শাহিদুল ডেকে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর রাত ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থেকে ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। অভিযোগ, মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস বোয়ালমারীর হাটখোলা গ্রামের বটতলা এলাকার এক নির্জন স্থানে থামে। তখন দুর্বৃত্তরা গাড়ি থেকে একটি বস্তা রাস্তার পাশে ফেলে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। তখন তারা ধাওয়া দিয়ে গাড়িতে থাকা দুজনকে আটক করে। পরে বস্তাবন্দি অবস্থায় রবিউলের লাশ উদ্ধার করা হয়। আটকরা হলো বোয়ালমারীর আন্দারকোঠা গ্রামের শাহাজাদা এবং একই উপজেলার পংকজ সাহার ছেলে তপু সাহা; বরিউলের বন্ধু শাহিদুল, শাহিদুলের মেয়ের জামাই শহিদুরের চাচা হানিফ এবং শহিদুরের অন্য এক স্বজন।
