গোবিন্দগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর, আহত ৬
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাটে জমি নিয়ে বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ধাওয়া-পালটাধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ দোকান ভাঙচরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার নাকাইহাট বাজারে উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-নাকাই ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, তার ছোট ভাই মাসুদ, নুরুল হকের ছেলে আলম ও আনিছুর রহমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নাকাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজান রহমান মণ্ডলের সঙ্গে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মালেকের এক শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়। এছাড়া দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুড়ে ফেলা মোটরসাইকেল থানায় আনা হয়েছে।
