ফখরুলকে ব্যঙ্গ করে ভিডিও
কনটেন্ট ক্রিয়েটরকে থানায় সোপর্দ, পরে মুচলেকায় মুক্তি
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গ করে বানানো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহীর বাগমারার এক কনটেন্ট ক্রিয়েটরকে থানায় সোপর্দ করা হয়েছে। পরে ‘চাপে পড়ে’ কান ধরে ক্ষমা চাওয়ায় আগামী ছয় মাস সপ্তাহে একদিন থানায় হাজিরা দেওয়ার শর্তে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। ওই কনটেন্ট ক্রিয়েটরের নাম আবদুল কাদের। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সজীব নামে পরিচিত। বাগমারা উপজেলার কামরুল ইসলামের ছেলে কাদের।
বুধবার সকালে ‘ডিয়া ব্লগ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গ করে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর পতিসরে রবীন্দ্র কাছারিবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানের উদ্বোধন নিয়ে একদল কনটেন্ট ক্রিয়েটর ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করেন। সেখানে মন্ত্রীকে ট্রল করা হয়।
সমালোচনার মুখে আবদুল কাদের আরেকটি ভিডিও প্রকাশ করে নিজের কান ধরে ক্ষমা চান। বুধবার রাতে যুবদল, তাঁতীদল ও বিএনপির নেতারা আবদুল কাদেরকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বৃহস্পতিবার সকালে বলেন, থানায় সোপর্দ করা কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
