প্রিন্সিপাল বরখাস্ত
কুমিল্লায় মাদ্রাসা ছাত্রকে মারধর ভিডিও ভাইরাল
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া হাজী মনসুর আহমেদ একাডেমি মাদ্রাসায় ছাত্রকে দুই হাত পেছনে বেঁধে অমানুষিক নির্যাতন করেছেন প্রিন্সিপাল মোল্লা শাহিদুল ইসলাম। শুক্রবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। এদিকে বিষয়টি জানার পর অভিযুক্ত প্রিন্সিপালকে তাৎক্ষণিক বরখাস্ত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণফুলী শিপইয়ার্ডের মালিক ইঞ্জিনিয়ার রশিদ। এর আগে মঙ্গলবার উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রায়হান ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, দুপুরে শিক্ষার্থী রায়হানকে ক্লাসরুম থেকে বের করে মাদ্রাসা মাঠে নেওয়া হয়। পরে অফিস সহায়ককে দিয়ে রায়হানের দুই হাত পেছনে বাঁধা হয়। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীকে মাঠের মাঝখানে ফেলে বেত্রাঘাত করা হচ্ছে এবং ছেলেটি অনুনয়-বিনয় করছে। অভিযোগের বিষয়ে প্রিন্সিপাল বলেন, চক্রান্ত করে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ছাত্রকে শাসন করেছি মাত্র।
মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও স্থানীয়রা জানান, অভিযুক্ত প্রিন্সিপাল দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন। ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, প্রিন্সিপালের এমন কর্মকাণ্ড আমাদের ব্যথিত করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
