মদনে প্রকৌশলীর ওপর হামলা, আহত ৩
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদন পৌরসভায় এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের কাজ শুরুকে কেন্দ্র করে পৌরসভা কার্যালয়ে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভার প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এক হিসাবরক্ষক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে মদন পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মদন থানায় মামলার প্রস্তুতি চলছে। পৌরসভা সূত্রে জানা গেছে, দাতা সংস্থা এডিবির অর্থায়নে ‘রিহ্যাবিলিটেশন/কনস্ট্রাকশন/ ইমপ্রুভমেন্ট অব রোডস’ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে মদন পৌরসভা। প্রকল্পের আওতায় ২৩ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে প্রায় ৯ হাজার ৬১১ মিটার সড়ক উন্নয়ন, বিভিন্ন স্থানে আরসিসি ড্রেন, বক্স কালভার্ট, সড়ক বাতি স্থাপন, এক্স-ড্রেন নির্মাণ, সুরক্ষা কাজ ও বৃক্ষরোপণের কাজ রয়েছে। ২৮ এপ্রিল মদন পৌরসভার প্রশাসক ও ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
রোববার দুপুরে প্রকল্পের সাইট বুঝে নিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসলাম মোল্লা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. জামিল হাসানের কক্ষে অবস্থান করছিলেন। এ সময় ৪০-৫০ জনের একটি দল পৌরসভা কার্যালয়ে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
