গাবতলীতে ঘরে ঢুকে গৃহিণীকে হত্যা
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার গাবতলীতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৮) নামে এক গৃহিণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মোমিনহাটা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ ও জড়িতদের সম্পর্কে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। জানা যায়, নিহত রীতা মোমিনহাটা দক্ষিণপাড়ার বিধান চন্দ্র মজুমদারের স্ত্রী। এ দম্পতির দুই সন্তান ঢাকায় থাকেন। বাড়িতে রীতা ও বিধান আলাদা ঘরে ঘুমাতেন। বিধান জানান, বুধবার রাত ১০টার দিকে রীতার সঙ্গে খাবার খেয়ে তারা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজ ঘরের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে, এ ধরনের শব্দে তার ঘুম ভাঙে। এ সময় রীতার ঘরে গোঙানির শব্দ শুনে সেখানে ছুটে যান তিনি। ঘরের দরজা খোলা এবং মেঝেতে রীতার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন বিধান। তিনি হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
