পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল
ঠিকাদারের কাছে চাঁদা দাবি, গ্রেফতার ৩
Advertisement
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান। এর আগে ১৯ মে দুপুরে প্রকল্প এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটে।
গ্রেফতার তিনজন হলেন-পাবনা পৌর সদরের সাধুপাড়া ঝুটপট্টি এলাকার আব্দুল জলিলের ছেলে মাসুদ রানা ওরফে কিলার মাসুদ, একই এলাকার মৃত রুস্তম আলির ছেলে সজল আলি ও আব্দুর রহিমের ছেলে ইসমাইল হোসেন ওরফে নকশাল ইসমাইল।
মামলার বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আড়াইশ কোটি টাকা ব্যয়ে হেমায়েতপুরে পাবনা মানসিক হাসপাতালসংলগ্ন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ চলছে। বর্তমানে কাজ শেষ পর্যায়ে। সম্প্রতি কাজের সাইডে গিয়ে চাঁদাবাজরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার রফিজ উদ্দিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের চাঁদা না দেওয়ায় ১৯ মে দুপুরে চাঁদাবাজরা আরও সঙ্গী-সাথী নিয়ে নির্মাণাধীন ভবনে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে নিরাপত্তা কর্মী হাবিবুর ও ইমরানকে বেধড়ক মারধর করা হয়। এ সময় তারা অফিসের ড্রয়ার থেকে এক লাখ টাকা নিয়ে দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয়দের সহায়তায় আহত দুই নিরাপত্তা কর্মীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাজিন কনস্ট্রাকশনের পাবনা অফিসের ম্যানেজার রকিবুর রহমান ২০ মে পাবনা সদর থানায় মামলা করেন। চারজনের নামসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়।
