গাছ থেকে লিচু খাওয়া
শিবগঞ্জে প্রতিবন্ধী শিশুকে নির্যাতন
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শিবগঞ্জে গাছ থেকে লিচু পেরে খাওয়ার ঘটনায় মো. কাওসার (১১) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। ২৩ মে উপজেলার পীরব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার উপজেলার সিহালী সরকারপাড়া গ্রামের রুবেল মন্ডলের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা ২৫ মে শিবগঞ্জ থানায় মামলা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, অভিযুক্ত সাইফুজ্জামান এবং তার ছেলে সাদমানকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
এ খবর শুনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পক্ষ থেকে ২৬ মে কাওসারের বাড়িতে লিচুসহ ঈদের উপহার পৌঁছে দেওয়া হয়েছে। জানা যায়, ২৩ মে সন্ধ্যার দিকে কাওসার পীরব বাজার এলাকার ব্যবসায়ী বদি হাজির বাগান থেকে কয়েকটি লিচু পেরে খায়। বিষয়টি টের পেয়ে বদির ছেলে এবিএম সাইফুজ্জামান লোটাস এবং নাতি সাদমান সাবিক শোয়াইব কাওসারকে ধরে গাছের সঙ্গে বাঁধে। তারা কাওসারের গলায় ‘লিচু চোর’ লেখা কাগজ ঝুলিয়ে দেয়। প্রায় ছয় ঘণ্টা পর পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে।
