রাজশাহীতে দুই গ্রুপের গোলাগুলি বোমাবাজি, যুবক আহত
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ করে দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি ও বোমাবাজি হয়েছে। সোমবার মধ্যরাতে মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়ায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় হাতবোমার বিস্ফোরণে জনি ইসলাম (২৯) নামের এক যুবক আহত হয়েছেন। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মৌলভী বুধপাড়া এলাকায় হঠাৎ তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। একই সময় গুলির শব্দও শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের পাশে একটি মোটরসাইকেল ড্রেনে পড়ে থাকতে দেখেন। আহত অবস্থায় জনি ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এবং মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ কবিরকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। ফলে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর রাতেই ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিস্তলের চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
