বানিয়াচংয়ে গ্রামবাসীর দুই পক্ষে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের বানিয়াচংয়ে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ২ ঘণ্টাব্যপী সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বড়ইউড়ি গ্রামে ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে তিনিসহ ৪ পুলিশ আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে ৩ রাউন্ড কাঁদুনে গ্যাস ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীরা জানায়, ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন আওয়ামী লীগ দলীয় নেতা। ফলে ৫ আগস্টের পর একাধিক মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে যান। এরপর তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে ইউপি সদস্য কফিল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি ফরিদ উদ্দিন আদালত থেকে জামিনে মুক্তি পান। মুক্তি পেয়েই তিনি উচ্চ আদালতে রিট করে চেয়ারম্যান পদ ফিরিয়ে আনেন। সোমবার তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিতে পরিষদে গেলে তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও ঝগড়া হয়। একপর্যায়ে তাদের পক্ষ নিয়ে গ্রামবাসী বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পালটাপালটি অবস্থান নেয়। এ সময় উভয়পক্ষে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। একপর্যায়ে দুপুর ১২টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে পুলিশসহ উল্লেখ্যসংখ্যক লোক আহত হয়েছেন। তাদের বানিয়াচং ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
