চাঁদার জন্য অধ্যাপকের ওপর হামলা, আহত ৩
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে একজন চিকিৎসক ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় মামলা হলেও কোনো গ্রেফতার নেই।
মামলার এজাহার অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন সোনাতলার সবুজ-১ এলাকার বাসার সামনে এই ঘটনা ঘটে। হামলায় অধ্যাপক ডা. আজিজুর রহমান, তার বড় ভাই মোবারক হোসেন ফাত্তাহ এবং ভাবি দেওয়ান মমনুন হাছান গুরুতর আহত হন।
এই ঘটনায় মমনুন হাছান কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন-সোনাতলা রায়নগর এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে ও ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতা বেলাল আহমদ ওরফে গুল্লি বেলাল, তার ছেলে রাইয়ান, পূর্ব শাহী ঈদগাহ এলাকার ওসমান মিয়ার দুই ছেলে লায়েক আহমদ, সায়েম আহমদ, মেয়ে পান্না বেগম এবং স্ত্রী লুৎফা বেগম। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ফ্যাসিস্ট সরকারের দোসর ও চিহ্নিত চাঁদাবাজ। কয়েক বছর আগে ডা. আজিজুর ওই এলাকায় ১৭ শতক জমি কেনার পর থেকেই আসামিরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় ৬ জুন দুপুরে বেলাল, রাইয়ান ও লায়েক ডা. আজিজের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
রোববার সন্ধ্যায় অধ্যাপক ডা. আজিজ নামাজ আদায় ও চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হলে বাসার গেটের সামনে আসামিরা ছুরি, কিরিচ, রামদা, লোহার রড ও পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে বড় ভাই মোবারক এগিয়ে এলে আসামিরা রড ও অস্ত্র দিয়ে তাকেও পিটিয়ে-কুপিয়ে গুরুতর জখম করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
