মামলার সাত ঘণ্টায় গ্রেফতার নিরপরাধ অটোচালক
Advertisement
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের বিশ্বনাথে অপরাধী না হলেও মামলায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই চালক পৌরসভার আলাপুর গ্রামের রফিক আলীর ছেলে শাহিন আহমদ। অথচ এই চালক মামলার বাদির ওপর হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অন্যদিকে এ ঘটনায় পুলিশ সরেজমিন তদন্ত না করে মামলাটি রেকর্ডের মাধ্যমে নিরপরাধীকে গ্রেফতার করার অভিযোগও উঠেছে।
জানা যায়, ৬ জুন বিকালে বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জ বাজারে ওসমানীনগর উপজেলার বড় ধিরারাই গ্রামের বদরুল আলম ও তার ছেলে আব্দুল হাকিম হামজার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জুন রাতে বিশ্বনাথ থানায় ৯ জনের নামে মামলা করেন বদরুল আলম। তবে রহস্যজনক কারণে তদন্ত না করেই মামলাটি রেকর্ড করা হয়েছে। এই মামলায় ৩ নম্বর আসামি করা হয় শাহিনকে। মামলা রেকর্ড হওয়ার ৭ ঘণ্টার মধ্যে শাহিনকে গ্রেফতার করে পুলিশ। পরে সিলেট আদালতে পাঠানো হয়। জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, তদন্তের পর শাহিনকে হামলার সঙ্গে জড়িত পাওয়া না গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
