খাগড়াছড়ির গুইমারা
বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা, আহত ৬
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির গুইমারায় পৃথক দুটি হামলায় বিএনপির নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার বাইল্যাছড়ি ও বড়পিলাক এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার হাসেমের বাড়িতে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন খবর পেয়ে সেখানে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন-হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও সদস্য জাহাঙ্গীর আলম রনি এবং ওয়ার্ড যুবদলের সদস্য মামুন ও মাহবুব আলম।
অপরদিকে গুইমারা ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুক বাবুর ওপর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বাপ্পি ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বাবুর মাথা গুরুতর জখম হয়। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাইল্যাছড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ জানান, বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলী জানিয়ে বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। তারা পূর্বপরিকল্পিতভাবে হামলা করেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, বড়পিলাক এলাকায় হামলার ঘটনাটি তিনি শুনেছেন, তবে বাইল্যাছড়ির বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
