এসএসসি পরীক্ষায় হবু স্ত্রীকে সহায়তা
ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করে বিক্ষোভ
Advertisement
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষায় হবু স্ত্রীকে সহায়তার অভিযোগে উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ শেখকে মারধর করে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ এনসিপি নেতাকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে যায়।
শিক্ষার্থীদের কয়েকজন জানায়, সকালে ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার আগেই এনসিপি নেতা আশরাফ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে তার হবু স্ত্রীকে সহায়তা করছিলেন। তিনি প্রতিটি পরীক্ষায় কেন্দ্রে ঢুকে বিভিন্নভাবে হবু স্ত্রীকে সহায়তা করে আসছিলেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়া বন্ধ করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় এনসিপি নেতা শিক্ষার্থীদের গালাগালসহ ধাক্কা দিলে তারা আরও বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে এনসিপি নেতাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় দৌড়ে পালিয়ে কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন এনসিপি নেতা। এ সময় প্রধান শিক্ষকসহ কয়েকজন এগিয়ে এলে ইটের আঘাতে তারা আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এনসিপির আহ্বায়ক আশরাফের বাগবিতণ্ডা হয়। আমি পরিস্থিতি শান্ত করতে গেলে একপর্যায়ে ইটের আঘাতে এনসিপি নেতা এবং আরও কয়েকজনসহ আমি আহত হই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ আশরাফকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় এক ঘণ্টা পরীক্ষা বন্ধ রাখা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে জানান প্রধান শিক্ষক।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এনসিপি নেতাকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তাকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।
পরে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এনসিপি নেতা বলেন, আমার হবু স্ত্রীকে কয়েকজন ইভটিজিং করে। আমি এর প্রতিবাদ করায় তারা আমার ওপর হামলা করে।
