শাজাহানপুরে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ হোসেন (২৭) মারা গেছেন। সোমবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সোহাগ হোসেন উপজেলার গন্ডগ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং মহানগরী যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। জানা যায়, উপজেলার বেজোড়া হিন্দুপাড়ার ছাবেদ আলী ও তার স্ত্রী শারমিন আকতারের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে স্বামীকে শায়েস্তা করতে শারমিন তার বাবার বাড়ি গন্ডগ্রাম এলাকার কয়েকজন যুবককে খবর দেন। খবর পেয়ে শনিবার বিকালে সোহাগ ও রুবেল হোসেনসহ কয়েকজন আসেন। তারা ছাবেদ আলীর সঙ্গে বাগ্বিতণ্ডা করলে একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ ও তার সঙ্গী রুবেল ছুরিকাহত হন। স্থানীয়রা তাদের দুজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় সোহাগ মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আতিক হাসান সোমবার রাতে থানায় ছয়জনের নাম উল্লেখসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
