রাসেল খুনে করিমগঞ্জ রণক্ষেত্র
জড়িতদের বাড়িঘরে আগুন ভাঙচুর, পালটা গুলিতে আহত তিন
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে রাসেল মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ফুঁসে ওঠেছে এলাকাবাসী। তারা হত্যায় জড়িতদের বাড়িঘরে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জয়কা ইউনিয়নের রামনগর ও আশপাশের এলাকায় রাসেলের হত্যাকারীদের বাড়ি। গতকাল বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় প্রতিপক্ষ পালটা পাইপগানের গুলি ছুড়লে অন্তত তিনজন আহত হয়। তাদের আলমাস নামে এক ব্যক্তির ডান চোখ নষ্ট হয়ে যায়। তাকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে পাওনা পাঁচ হাজার টাকার জন্য জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের যুবক রাসেলকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে একই এলাকার সাঈদুর রহমান, মামুন মিয়া ও তাদের সহযোগীরা। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা রাসেলের খুনিদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। বিকাল সাড়ে ৩টার পর থেকে সন্ধ্যার পর পর্যন্ত থেমে থেমে ক্ষোভ দেখায় জনতা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার আগে বিক্ষুব্ধ জনতা সাঈদুর রহমানের অন্যতম সহযোগী মামুনের বাড়িতে হামলা চালায়। এ সময় মামুন পাইপগান নিয়ে জনতার ওপর পালটা গুলি ছুড়লে অন্তত তিন জন গুলিবিদ্ধ হয়। করিমগঞ্জ থানার ওসি উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
