বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে ইমামকে গণপিটুনি
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল আলিম নামে মসজিদের এক ইমামকে গণপিটুনি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহানগরীর সবুজবাগ এলাকায় ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত আবদুল আলিম সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক। শিশুটি ওই মাদ্রাসায় পড়ে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যায়নি। এ সময় শিক্ষক আবদুল আলিম তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমনকি বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতিও দেখান।
শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে স্বজনসহ এলাকার বিক্ষুব্ধ লোকজন বিকালে ইমামের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে সদর থানা পুলিশ আবদুল আলিমকে আটক করে থানায় নিতে চায়। তখন বিক্ষুব্ধ নারী-পুরুষ ইমামকে বেধড়ক মারধর করে এবং পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও লাঞ্ছিত হন।
বগুড়া সদর থানার ইনস্পেকটর (তদন্ত) মাহফুজ আলম বলেন, অভিযুক্ত শিক্ষক আবদুল আলিমকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
