ঋণ নিয়ে বিরোধে কসবায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কসবায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামকে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় কসবা উপজেলার গোপীনাথপুর বাজারের গ্রিন হেলথ হাসপাতালের সামনে তার ওপর হামলা হয়, ফার্নিচার ব্যবসায়ী আলী হোসেন ধারালো অস্ত্র দিয়ে মো. আরিফুল ইসলামের মাথা, ঘাড় ও পিঠে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
সহকর্মীরা তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কুমিল্লা হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার সেকেন্ড অফিসার লোকমান হোসেন।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংকের গোপীনাথপুর শাখা থেকে ঋণ নিয়েছিলেন। ওই ঋণসংক্রান্ত বিরোধে হামলা হতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো কারণ নিশ্চিত করা হয়নি।
নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখায় প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান।
