ব্যক্তিগত ভিডিও সামাজিকমাধ্যমে
ববিতে হামলায় ১৫ শিক্ষার্থী আহত
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর ব্যক্তিগত আলাপের ভিডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জেরে হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন নভোথিয়েটারের সামনের এ হামলায় ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাত ও এক ছাত্রীর ব্যক্তিগত আলাপের ভিডিও কলের দৃশ্য প্রকাশের অভিযোগ ওঠেছে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ক্যাম্পাস সাংবাদিক আবু উবাইদা এর জন্য দায়ী বলে জানা গেছে। এর জেরে কথা বলার জন্য আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। এরপর সিফাতের নেতৃত্বে তাদের মারধর করা হয়। এ খবর পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী সেখানে গেলে তাদেরকেও মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকপ্রশাসন, কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।
বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় নেতৃত্বে ছিলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরফান সিফাত ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসান। এছাড়াও একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতি, রিয়াজ ও নাইমসহ আরও ৪০-৫০ জন এই নৃশংস হামলায় অংশ নেন।
এ বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেন, ‘আমার কাছে এখনো লিখিত আসেনি। গণিত বিভাগে ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসবো। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
