Logo
Logo
×
   

Advertisement

খবর

ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

শিক্ষকসহ চার স্থানে সড়কে ঝরল আরও ৬ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আরোহীদের মধ্যে দুজন চাচাতো-মামাতো ভাই ছিলেন। শনিবার সকালে উপজেলার ইসলামপুর বাটাগেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে মুন্সীগঞ্জে চালকসহ দুজন, ভোলায় শিশু, নাটোরে স্কুলশিক্ষক এবং শেরপুরে ব্যবসায়ীসহ দুজন রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা ও ধামরাই দক্ষিণ : নিহতরা হলেন-সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে যুবক আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপরজন মানিকগঞ্জের শিবালয়ের আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজন ফুপাতো-মামাতো ভাই। আরেকজন সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক। সকালে ইসলামপুর এলাকায় মূল লেনে একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা বাসটি দেখে হঠাৎ ব্রেক করে। একই সময়ে কাভার্ডভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলের চালকও তাৎক্ষণিক ব্রেক করেন। তবে মোটরসাইকেল দুটির ঠিক পেছনে থাকা দ্রুতগতির যাত্রীবাহী বাস সময়মতো নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দিয়ে কিছু দূর টেনে নিয়ে যায়। এতে প্রথম মোটরসাইকেলে থাকা আবাসন সাহা ও সুজয় সাহা মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে দ্বিতীয় মোটরসাইকেলের চালক নাইমুলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-বাড়ৈখালি সড়কের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নসিমনচালক মজনু ও হেলপার দুলাল মনি দাস। মজনু ফরিদপুরের সালথা উপজেলার বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে এবং দুলাল শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।

নাটোর : নাটোরের বগুড়া-নাটোর মহাসড়কে বাসচাপায় স্কুলশিক্ষক রমিজুল করিম নিহত হয়েছেন। রমিজুল সিংড়ায় কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই এলাকার মৃত রজব আলীর ছেলে। মোটরসাইকেলে নাটোর শহর থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

লালমোহন (ভোলা) : লালমোহন উপজেলায় বাসচাপায় শিশু মাইশা আক্তার নিহত হয়েছে। শনিবার উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের সৈনিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইশা ওই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। উপজেলার সৈনিক বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে সে।

শেরপুর : নকলায় পিকআপ ভ্যানচাপায় রফিকুল ইসলাম রাব্বী নামের এক ইলেকট্রিক মিস্ত্রির এবং সদর উপজেলার ডুবারচর বাজার এলাকায় ইজিবাইক উলটে শান্ত নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাশকান্দা গ্রামের মৃত ময়জ উদ্দিনের ছেলে। অপরদিকে শেরপুর সদর উপজেলার ডুবারচর বাজারের ফারুক মিয়ার ছেলে শান্ত হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। শনিবার তারা দুর্ঘটনার কবলে পড়েন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম