Logo
Logo
×

Advertisement

খবর

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়ম

তদন্তের দাবিতে লিখিত অভিযোগ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও শর্ত ভঙ্গের অভিযোগ তুলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বনগাঁও গ্রামের সাদিয়া নাসরিন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাশেদুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার নন্দুয়ার ইউনিয়নের ডিলার রকিবুল ইসলামের নিয়োগের বিষয়ে জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হক বরাবর লিখিত অভিযোগ দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, সারের ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর রাণীশংকৈল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদারের (রাণীশংকৈলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীর নামের তালিকা জেলা কমিটির কাছে পাঠানো হয়। ওই তালিকায় নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট এলাকার মেসার্স রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী ও হাসমত আলীর ছেলে রকিবুল ইসলামের নাম রয়েছে। অভিযোগকারীর দাবি, ‘রনি ট্রেডার্স’ মূলত উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত একটি খুচরা সার বিক্রয় প্রতিষ্ঠান।

অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল যে, আবেদনকারী বা তার পরিবারের কেউ খুচরা সার বিক্রেতা হলে তিনি ডিলারশিপ পাওয়ার অযোগ্য বিবেচিত হবেন।

সরেজমিন দেখা যায়, গাজীরহাট বাজারে সড়কের পাশেই রনি ট্রেডার্সে খুচরা সার বিক্রি করছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আল মামুন। সেখানে সার ছাড়াও মাছ-পোলট্রি ফিড, সিমেন্টসহ বিভিন্ন কৃষিপণ্য ও নির্মাণসামগ্রী বিক্রি করা হচ্ছে। এ সময় গুদামঘর সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপক জানান, সেখানে বর্তমানে সিমেন্ট ও ফিড রাখা আছে এবং এগুলো সরিয়ে পরবর্তীতে সেখানে সার রাখা হতে পারে।

মোবাইল ফোনে ডিলার রকিবুল প্রথমে খুচরা সার বিক্রির বিষয়টি অস্বীকার করলেও পরে জানান, এলাকার অন্য সার ডিলার মণ্ডল এন্টারপ্রাইজের কাছ থেকে সার এনে তিনি বিক্রি করেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তার খুচরা সার বিক্রেতাদের তালিকায় রকিবুল ইসলামের নাম রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, আমি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব হলেও ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করার বিষয়ে সভাপতি ও ইউএনও গোলাম রব্বানী সরদার আমার সঙ্গে আলোচনা করেননি। ইউএনও একক সিদ্ধান্তে কাজ করেছেন। এ কারণে এ বিষয়ে আমার বক্তব্য নেই।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও গোলাম রব্বানী সরদার কথা বলতে রাজি হননি। আর জেলা প্রশাসক রফিকুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রংপুরের ২২ উপজেলা খাবার পাচ্ছে না চার লাখ শিশু

খাবার পাচ্ছে না চার লাখ শিশু

সাজেকে অবরোধ মোটরসাইকেল ও গাড়ির চাবি আটকে বিশৃঙ্খলা

মোটরসাইকেল ও গাড়ির চাবি আটকে বিশৃঙ্খলা

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীর মোবাইল টাকা ছিনতাই

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীর মোবাইল টাকা ছিনতাই

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়ম

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম