সাজেকে অবরোধ
মোটরসাইকেল ও গাড়ির চাবি আটকে বিশৃঙ্খলা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে চলমান সড়ক অবরোধের সময় মোটরসাইকেল চালকদের আটকের পাশাপাশি গাড়ির চাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় চালক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ভোগান্তি ও আতঙ্ক দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, সাজেক কারবারি অ্যাসোসিয়শন অনির্দিষ্টকালের সড়ক অবরোধ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিলেও আরেকটি পক্ষ কঠোর কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সাজেক পর্যটন সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হচ্ছে। এ সময় অবরোধ অমান্য করে সড়ক ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল চালকদের পথরোধ করে বেশ কয়েকজনের গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয় এবং মোটরসাইকেল আটকে রাখে অবরোধকারীরা। তবে, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ চলবে। সংগঠনের আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, অবরোধ উপেক্ষা করে কেউ সাজেকের উদ্দেশে রওনা হয়ে বা যানবাহন চালানোর চেষ্টা করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে তার দায় সংগঠন নেবে না।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানিয়েছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বাড়তি সদস্য মোতায়েনসহ নিয়মিত টহল জোরদার রয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং পর্যটনকেন্দ্র পুনরায় খোলার বিষয়ে কোনো নতুন নির্দেশনা দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি প্রতিনিধি দল এবং প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
