চট্টগ্রামে এনসিপি ও বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতি
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। হবিগঞ্জে নেতাদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এনসিপির প্রতিবাদ সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। সমাবেশটি আয়োজন করে চট্টগ্রাম মহানগর শাখা এনসিপি। এ সময় এনসিপি নেতারা ও স্থানীয় বিএনপির নেতারা মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বুধবার ৩টার পর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করে এনসিপির নেতাকর্মীরা। তাদের ব্যানারে লেখা ছিল-হবিগঞ্জে ‘বিএনপির সন্ত্রাসীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’ চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ নেতাকর্মীরা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে জামালখান মোড়ের দিকে রওয়ানা হন। এ সময় এনসিপির মিছিল থেকে, ‘বিএনপি সন্ত্রাস’, ‘সন্ত্রাসের আস্তানা এই দেশে, হবে না’, ‘বিপ্লবীরা হারে না, তারেক কি জানে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি সড়কের সিঁড়ির গোড়া অংশে পৌঁছে ইউটার্ন নিয়ে আবার প্রেস ক্লাবের দিকে আসার সময় আরিফ মঈনুদ্দিনকে থামায় স্থানীয় বিএনপি নেতা শাহেদ বক্সসহ কয়েকজন। অল্প কিছুক্ষণ কথা বলার পর আরিফ মঈনুদ্দিন সেখান থেকে সরে এগিয়ে যাওয়া মিছিলের দিকে যাচ্ছিলেন। তখন মিছিলে থাকা এনসিপি নেতাকর্মীরা পিছনে ফিরে আরিফ মঈনুদ্দিনকে আটকে রেখেছে, এমন ধারণা করে বেশ কয়েকজন এগিয়ে আসে। এরপর দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। তখন উপস্থিত পুলিশ সদস্যরা মাঝখানে দাঁড়িয়ে তাদের শান্ত করেন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
